ঢাকা।। ইউনিয়ন পরিষদ নির্বাচনের শেষ ধাপে দেশের ২০ জেলার ১৩৮টি ইউপিতে ভোট সোমবার। শেষ হয়েছে নির্বাচনি প্রচার প্রচারণা। তবে ব্যস্ত প্রার্থীরা, ভোটারদের মন জয়ে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। এই ধাপে ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোটগ্রহণ হবে ৯ টি ইউনিয়নে। বাকিগুলোর ভোটগ্রহণ হবে ব্যালট পেপারে। ৮৯টি ইউনিয়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
সপ্তম ধাপে ১৩৮ টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে সোমবার। এই ধাপে ৯টি ইউনিয়ন পরিষদে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে; অন্যান্য ইউনিয়নে ভোট নেয়া হবে ব্যালট পেপারে। সকাল ৮টা শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪ টা পর্যন্ত।
এই ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ১১ জন। সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন ৪৭ জন আর সংরক্ষিত সদস্য ১৩ জন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৫শ ৭৬ জন। সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে প্রার্থী পাঁচ হাজারের বেশি।
সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সকল প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে যাবে ব্যালট পেপার। ৮৯ টি ইউনিয়ন পরিষদে বিজিবি ও র্যাবের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
নির্বাচনি এলাকায় ভোটের দিন ইঞ্জিন চালিত নৌযান, ট্রাক ও পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এছাড়া মোটর সাইকেল চলাচল বন্ধ থাকবে নির্বাচনের পর দিন মধ্যরাত পর্যন্ত। এছাড়া বিভিন্ন ধাপে স্থগিত হওয়া ২৪ ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রেও সোমবার ভোটগ্রহণ হবে।
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
চেয়ারম্যান ১১ জন
সাধারণ সদস্য ৪৭ জন
সংরক্ষিত সদস্য ১৩ জন
প্রতিদ্বন্দ্বী প্রার্থী
চেয়ারম্যান ৫৭৬ জন
সাধারণ সদস্য ৪০৬২ জন
সংরক্ষিত সদস্য ১২৩৬ জন
আমাদেরবাংলাদেশ.কম/হাসান