উজ্জ্বল মন্ডল ঢাকা জেলা প্রতিনিধি।। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক দুটি অভিযানে ১৫১ পিস ইয়াবাসহ তিন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। রোববার (১ ফেব্রুয়ারি) ভোরে আশুলিয়া ও সাভার থানা এলাকায় এই অভিযানগুলো পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা যায়,ঢাকা জেলা পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ও ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল আশুলিয়ার ডেন্ডাবর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়।
শনিবার রাত ১১:৪০ মিনিটে এসআই মোঃ আঃ সালামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো ১. মোঃ সোহেল শেখ (৩৯), পিতা- মৃত বিল্লাল শেখ (স্থায়ী ঠিকানা: নড়াইল; বর্তমান ঠিকানা: ডেন্ডাবর)। ২. মোঃ মেহেদী হাসান শাওন (৩৮), পিতা- মৃত এসএফ শাজাহান (স্থায়ী ঠিকানা: ডেন্ডাবর পশ্চিমপাড়া)। পৃথক অন্য একটি অভিযানে রোববার ভোর রাত ১২:৫৫ মিনিটে সাভারের বলিয়ারপুর এলাকা থেকে মোঃ মোশারফ (৪০) নামে আরও এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এসআই মোঃ আরিফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে তার কাছ থেকে ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মোশারফ আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তাজপুর এলাকার মৃত কিয়াম উদ্দিনের ছেলে।
ডিবি পুলিশ জানায়,গ্রেফতারকৃতদের অপরাধ রেকর্ড (CDMS) পর্যালোচনা করে দেখা গেছে, আসামি মোঃ সোহেল শেখের বিরুদ্ধে ইতিপূর্বেও একটি মামলা রয়েছে। এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবির পক্ষ থেকে জানানো হয়,আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
এবিডি.কম/সিয়াম