নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ার শ্রীপুরে অবস্থিত তাহফিজুল কুরআনিল কারিম ফাযিল (স্নাতক) মাদ্রাসায় সশস্ত্র অবস্থায় হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৯ মার্চ) সকালে সংঘবদ্ধ একদল লোক অতর্কিত হামলা চালিয়ে মাদ্রাসার প্রধান ফটক ও শ্রেণিকক্ষের জানালা ভাঙচুর করে। এ সময় সিসিটিভি ক্যামেরাও নষ্ট করে ফেলে হামলাকারীরা।
প্রত্যক্ষদর্শী ও মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়,সকালে হঠাৎ করেই একদল অস্ত্রধারী ব্যক্তি মাদ্রাসার ভেতরে প্রবেশ করে তাণ্ডব শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই তারা মাদ্রাসার মূল ফটক এবং ভেতরের একাধিক জানালার কাঁচ ভাঙচুর করে।
আতঙ্ক ছড়াতে তারা বেশ কিছু সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে এবং মাদ্রাসার পরিবেশ উত্তপ্ত করে তোলে। হামলার ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষ স্থানীয় রাজনৈতিক নেতাদের নাম উল্লেখ করে অভিযোগ করেছেন। মাদ্রাসার দায়িত্বশীল ব্যক্তিদের দাবি,ঢাকা জেলা তাঁতী দলের সভাপতি জাকির হাসান এবং আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদকের নির্দেশেই এই হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে মাদ্রাসার এক শিক্ষক বলেন,সকালে কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা হামলা চালিয়েছে। তারা মাদ্রাসার গুরুত্বপূর্ণ নথিপত্র ও সম্পদের ক্ষতি করেছে। আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছি। এদিকে হামলার ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয় এলাকাবাসী ও মাদ্রাসা সংশ্লিষ্টরা এ ধরনের ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছেন,এই ঘটনায় তারা আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত,ঘটনার পর থেকে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিডি.কম/রাজু