কিশোরগঞ্জে নরসুন্দা নদীর কচুরিপানা অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু ।
নাজমুল ইসলাম নাহিদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী নরসুন্দা নদীকে দূষণমুক্ত ও সচল করার লক্ষ্যে এক বিশেষ কচুরিপানা অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। আজ (১৯ মে, ২০২৬) ঐতিহাসিক পাগলা মসজিদ সংলগ্ন নরসুন্দা নদীর ঘাটে এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
কিশোরগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে এবং সামাজিক সংগঠন ‘কিশোরগঞ্জ ইয়ুথ মুভমেন্ট’ (Kishoreganj Youth Movement – KYM)-এর সার্বিক তত্ত্বাবধান ও স্বেচ্ছাসেবী শ্রমের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল খান (ভিপি সোহেল)।
উদ্বোধনকালে জেলা পরিষদ প্রশাসক নরসুন্দা নদীর ঐতিহ্য ও পরিবেশ রক্ষায় তরুণদের এই এগিয়ে আসাকে সাধুবাদ জানান। তিনি বলেন, “নদী বাঁচলে পরিবেশ বাঁচবে। নরসুন্দাকে আগের রূপ ফিরিয়ে দিতে জেলা পরিষদ সবসময় এ ধরনের জনকল্যাণমূলক কাজের পাশে থাকবে।” তিনি শহরের সচেতন নাগরিকদেরও এই কার্যক্রমে শামিল হওয়ার এবং নদী দূষণ না করার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ‘কিশোরগঞ্জ ইয়ুথ মুভমেন্ট’-এর বিপুল সংখ্যক উদ্যমী তরুণ ও স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন। উদ্বোধনের পরপরই স্বেচ্ছাসেবকরা সারিবদ্ধ হয়ে উৎসবমুখর পরিবেশে নদী থেকে কচুরিপানা ও ভাসমান বর্জ্য অপসারণের কাজে নেমে পড়েন।
আয়োজকরা জানান, নরসুন্দা নদীকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে এবং পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে এই পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। তরুণদের এই প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ ও পরিবেশবাদীরা।