বুড়িচংয়ে ১ হাজার ৩০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরন,
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার বুড়িচংয়ে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের হাতে এসব প্রণোদনা তুলে দেওয়া হয়।
এ কর্মসূচির আওতায় ৫০০ জন কৃষককে সরিষা চাষের জন্য প্রতি বিঘা জমিতে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ৮০০ জন কৃষককে উফশী বোরো ধান চাষের জন্য প্রতি বিঘা জমিতে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিন বলেন, কৃষকদের প্রাপ্য সুযোগ-সুবিধা দলমত নির্বিশেষে সততা ও স্বচ্ছতার ভিত্তিতে নিশ্চিত করতে হবে। একজন সাধারণ কৃষক কোনো দল করেন না। যিনি যে সুযোগ পাওয়ার যোগ্য, তাঁকে তা দিতে হবে। বুড়িচংয়ের সব কর্মকর্তা ভালো উল্লেখ করে তিনি বলেন, কাউকে বদলি করার পক্ষে তিনি নন।
তিনি আরও বলেন, দেশে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। সরকারের আট মাসের মাথায় ডিসেম্বরকে ঘিরে নতুন ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে। কে আসবে, কে আসবে না—এসব বিষয়ে কান না দিয়ে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সরকারকে সহযোগিতা করতে হবে। ডিসেম্বর মাসজুড়ে বিভিন্ন কর্মসূচি থাকবে বলেও জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার। উপসহকারী কৃষি কর্মকর্তা মো. বিল্লাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আতিকুর রহমান, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমসহ বিভিন্ন পর্যায়ের কৃষক ও উপসহকারী কৃষি কর্মকর্তারা।