শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ইব্রাহিম সিপাহী নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও দুজন। রোববার (২৯ নভেম্বর) ভোর ৬টার পর উপজেলার নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ। তিনি বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতু অবরোধ করেন। এসময় বিএনপির সঙ্গে তাদের সংঘর্ষ হয় এবং এতে একজন নিহত ও দুজন গুরুতর আহত হন।’
নিহত ইব্রাহিম সিপাহী যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।
এর আগে ভোরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণ, বিএনপির অবস্থান কর্মসূচির স্থানে ভাঙচুর এবং প্রায় ২০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ছাড়া নাওডোবা গোলচত্বরে একটি রেস্টুরেন্ট ও খাবার হোটেলেও আগুন দেওয়া হয়।
ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে দেশীয় অস্ত্র হাতে কয়েক হাজার মানুষকে এক্সপ্রেসওয়ে অবরোধ করে থাকতে দেখা যায়। ককটেল বিস্ফোরণে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ থাকে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিকেনগর এলাকা থেকে এক্সপ্রেসওয়ের দিকে অগ্রসর হন। তখন সেখানে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছিলেন। তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাধা দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় গুলিবর্ষণের ঘটনাও ঘটে। একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে সরে যান।
শরীয়তপুর জেলা ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা চালাতে পারেন—এমন আশঙ্কায় শুক্রবার থেকেই বিএনপির নেতাকর্মীরা সেখানে অবস্থান করছিলেন। রোববার ভোরে মাদারীপুরের শিবচর ও শরীয়তপুরের বিকেনগর এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান।