প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অতীতে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে। বর্তমান বাস্তবতায় এ ব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তোলা জরুরি। এ জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের কারিগরি জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। আধুনিক প্রযুক্তির সঙ্গে মানবিক শিক্ষার সমন্বয়ও অপরিহার্য। আসুন, সবাই মিলে শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তুলি।
প্রধানমন্ত্রী আরও বলেন, প্রচলিত শিক্ষার পাশাপাশি গবেষণাভিত্তিক শিক্ষা কার্যক্রম দেশের শিক্ষাব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা এবং উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু চাকরির প্রস্তুতির মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। মানবিক মূল্যবোধ, আধুনিক শিক্ষা ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থার সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের খাপ খাওয়াতে হবে। তা না হলে সনদধারী শিক্ষিত মানুষের সংখ্যা বাড়লেও বেকারত্ব কমবে না।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে গোষ্ঠীগত ও ব্যক্তিগত দ্বন্দ্বের প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যে দেশ নিজের সক্ষমতা ও মর্যাদা নিয়ে বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াবে।