কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ: চালক নিহত
নাফিজ আহমেদ ,রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর কালুখালী উপজেলায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক পিকআপ চালক নিহত হয়েছেন। আজ বুধবার (১ জুলাই, ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খাগজানা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পাংশা থেকে দৌলতদিয়া অভিমুখে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান। পথে খাগজানা এলাকায় পৌঁছালে বিপরীত দিক অর্থাৎ রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী ‘চৌধুরী ডিলাক্স পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল বিঘ্নিত হলে হাইওয়ে পুলিশ ও স্থানীয় জনতা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাজ্জাত দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহত পিকআপ চালকের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এই বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।