নিজস্ব প্রতিবেদক।। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মামলার রহস্য উদঘাটন এবং জনবান্ধব পুলিশিংয়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আগস্ট ২০২৬ মাসের পারফরম্যান্স মূল্যায়নে ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ওসি সাইফুল আলম। তিনি জানান, ঢাকা জেলা পুলিশ লাইন্সের (মিল ব্যারাক) কনফারেন্স রুমে আয়োজিত মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভায় তার হাতে শ্রেষ্ঠত্বের ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।
পুলিশ সূত্রে জানা গেছে, আগস্ট মাসজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, অপরাধীদের গ্রেপ্তার, মামলার রহস্য উদঘাটন এবং কিশোর গ্যাং নিয়ন্ত্রণে সাভার মডেল থানা পুলিশের কার্যক্রমের মূল্যায়ন করা হয়। এসব ক্ষেত্রে সাফল্যের স্বীকৃতি হিসেবে সাইফুল আলমকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়।
দায়িত্ব পালনের সময় তার নেতৃত্বে সাভার মডেল থানা পুলিশ নিয়মিত টহল জোরদার, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি মাদকপ্রবণ এলাকাগুলোতে অভিযান, রাতের টহল বৃদ্ধি এবং অপরাধ নিয়ন্ত্রণে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সাধারণ মানুষের সঙ্গে পুলিশের দূরত্ব কমানো এবং দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করতেও গুরুত্ব দিচ্ছেন ওসি সাইফুল আলম। থানায় সেবাপ্রত্যাশীদের জন্য সহজ ও হয়রানিমুক্ত পরিবেশ তৈরি, অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জনবান্ধব পুলিশিং জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় সাইফুল আলম বলেন, “এই অর্জন আমার একার নয়; এটি সাভার মডেল থানার সব কর্মকর্তা ও ফোর্সের সম্মিলিত প্রচেষ্টার ফল। ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের সুযোগ্য দিকনির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি। আমাদের মূল লক্ষ্য সাভারকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলা।”তিনি আরও বলেন, “এই সম্মাননা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে আরও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে চাই।”উল্লেখ্য, সাহসিকতা, পেশাদারিত্ব ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ সাইফুল আলম ইতিপূর্বে মর্যাদাপূর্ণ প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম-সেবা) পদকেও ভূষিত হয়েছেন। আগস্ট মাসের পারফরম্যান্স মূল্যায়নে ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় সাভার মডেল থানার কর্মকর্তা ও সদস্যদের মধ্যে সন্তোষ বিরাজ করছে।
এবিডি.কম/রাজু