দুর্গম পার্বত্য অঞ্চল রাঙ্গামাটি রিজিয়নের সেনা ক্যাম্প পরিদর্শনে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
রাঙামাটি প্রতিনিধি
দুর্গম পার্বত্য অঞ্চলে সেনা ক্যাম্প পরিদর্শনের লক্ষ্যে রাঙ্গামাটি রিজিয়নে সফর করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাঙ্গামাটি রিজিয়নে সফরকালে তিনি বিলাইছড়ি ও কাপ্তাই জোনের বিভিন্ন সেনা ক্যাম্প পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান দায়িত্ব পালনরত সেনাসদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় ও মতবিনিময় করেন। এ সময় দুর্গম ও প্রতিকূল পরিবেশে দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় নিয়ে সেনাসদস্যদের সঙ্গে কথা বলেন তিনি।
সেনাসদস্যদের উদ্দেশে তিনি দুর্গম পার্বত্য অঞ্চলে দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন অব্যাহত রাখার নির্দেশনা দেন। একই সঙ্গে দেশের শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব পালনের জন্য সেনাসদস্যদের সাধুবাদ জানান।
সফরকালে জেনারেল অফিসার কমান্ডিং, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া; সেনাবাহিনীর সামরিক সচিব; সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।