কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ নারী আটক
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ রুমা আক্তার নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলার ৫ নম্বর দুলালপুর ইউনিয়নের টাটেরা থেকে গোপালনগরগামী পাকা সড়ক থেকে তাকে আটক করে পুলিশ।
আটককৃত আসামি রুমা আক্তার (৩০) ব্রাহ্মণপাড়া উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি বাঁশতলা গ্রামের মৃত খিজির মিয়ার মেয়ে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল আনুমানিক ২টা ৪৫ মিনিটের দিকে ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) রূপম কুমার সরকার ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ব্রাহ্মণপাড়া উপজেলার ৫ নম্বর দুলালপুর ইউনিয়নের টাটেরা থেকে গোপালনগরগামী পাকা সড়কে জনৈক মনোয়ারা মঞ্জিলের সামনে, রাস্তার দক্ষিণ পাশে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ রুমা আক্তারকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাক্ষনপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে রবিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।