রংপুর প্রতিনিধি।। এ মাসের শেষে পেঁয়াজের দাম কমতে পারে জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বললেন, আপাতত ১০০ টাকার নিচে নামার সম্ভাবনা নেই। আজ শুক্রবার (০৮ নভেম্বর) সকালে রংপুর নগরীর একটি হোটেলে ইটভাটা মালিকদের এক অনুষ্ঠানে যোগ দিতে এসে তিনি সাংবাদিকদের একথা জানান।
মন্ত্রী বলেন, ‘আমরা চেষ্টা করছি। তবে পেঁয়াজ ১০০ টাকার নিচে পাওয়ার কোনো সম্ভাবনা আপাতত নেই। এ মাসের শেষের দিকে দেশে উৎপাদিত পেঁয়াজ বাজারে আসলে দাম কমবে। তার আগে হয়তো সম্ভব হবে না।’
টিপু মুনশি বলেন, ভারত থেকে আমরা মূলত পেঁয়াজ আমদানি করে থাকি। সেখানে পেঁয়াজের দাম বেড়ে গেছে। সেখানেই পেঁয়াজ ৮০ টাকা কেজি দরে কিনতে হবে। আমাদের দেশে আসার পর তা ১০০ টাকা দর পড়ে যাবে। ফলে ভারত থেকে পেঁয়াজ আমদানি করে আপাতত কোনো লাভ হবে না।
মিশর থেকে পেঁয়াজ আসার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘মিশর থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আসার কথা। সেটা আসলেও দাম একটু কমতে পারে বলে মনে হয়।’