লালমনিরহাট প্রতিনিধি।। লালমনিরহাটের আদিতমারীতে এক ইউপি সদস্যের বিরুদ্ধে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার টাকা কেটে নেয়ার অভিযোগ উঠেছে। আর এ অভিযোগ উঠেছে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলতাফ হোসেনের বিরুদ্ধে। তবে তিনি এ অভিযোগকে ভিত্তিহীন বলে দাবী করেছেন।
জানাগেছে, সামাজিক নিরাপত্তা বেস্টনী কর্মসুচির আওতায় ২০১৮-১৯ অর্থ বছরে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের পশ্চিম ভেলাবাড়ী গ্রামের উম্মে কুলছুম (বই নং-১৪৬১) এর নামে বয়স্ক ভাতার কার্ড হয়। সেখান থেকে উম্মে কুলছুম এক বছরে মোট ৬ হাজার টাকা উত্তোলন করেন। কিন্তু তিনি অভিযোগ করে বলেন,টাকা উত্তোলনের পর পরই ইউপি সদস্য আলতাফ হোসেন জোরপূর্বক ২ হাজার টাকা কেটে নিয়ে ভাতার কার্ডটি আটকে রাখেন।
এখনও তার কাছে কার্ডটি রয়েছে বলে তিনি দাবী করেন। একই অভিযোগ করেন,একই ওয়ার্ডের প্রতিবন্ধী ভাতাপ্রাপ্ত ভাদু রাম বর্মণ ( বই নং-৫১৫) ও আরেকজন আব্দুস সাত্তার (বই নং-৫২০)। এদের মধ্যে ভাদু রাম বর্মণের কাছ থেকে ২ হাজার ও আব্দুস সাত্তারের কাছ থেকে এক হাজার টাকা করে কেটে নিয়েছেন ইউপি সদস্য আলতাফ হোসেন। টাকা দিতে না চাইলে ভাতা বন্ধ করার হুমকি দেন বলে তারা দাবী করেন। এসব অভিযোগের বিষয়ে ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য আলতাফ হোসেন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, এদের ভাতার কার্ড আমি করে দেয়নি। তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন,যদি কেউ প্রমাণ দিতে পারে তাহলে সবধরনের সাজা তিনি মেনে নিবেন এমটাই দাবী তার।আদিতমারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা রওশন আলী মন্ডল জানান, একটি নয়, ভেলাবাড়ীতে অনেক সমস্যা রয়েছে,এসব বিষয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।