বাগেরহাট জেলা সংবাদদাতা।। সুন্দরবনের দুবলার চর থেকে অপহৃত ১০ শিশুকে উদ্ধার ও এক অপহরণকারীকে আটক করা হয়েছে।
শুক্রবার রাত ১২টার দিকে দুবলার চর থেকে শিশুদের উদ্ধার করে কোস্ট গার্ডের সদস্যরা।
উদ্ধারকৃত শিশুরা হলো- কিশোরগঞ্জের বায়জিদপুর থানার মৃত নুরউদ্দিন মিয়ার ছেলে রেণু মিয়া, মৃত আক্কাস আলীর ছেলে মো. মানিক হোসেন, হোসেনপুর থানার মো. আব্দুল মোতালেবর ছেলে মো. আক্তার, চাঁদপুরের হাজীগঞ্জ থানার মৃত আক্কাস আলীর ছেলে মো. হৃদয়, ময়মনসিংহের গফরগাঁও থানার মৃত কিতাব আলীর ছেলে মো. টুটুল মিয়া, তারাকান্দ থানার মো. মোখলেসুর রহমানের ছেলে মো. রিমন, হবিগঞ্জের মংলাবাজার থানার মো. জসিমের ছেলে মো. মনির হোসেন, নোয়াখালীর সেনবাগ থানার জালু মিয়ার ছেলে মো. আল আমিন, চট্টগ্রামের কোতোয়ালী থানার মো. আব্দুল খালেকের ছেলে মো. আমির হোসেন, আব্দুল মালেকের ছেলে মো. আরিফ ও কুষ্টিয়ার শেখপাড়া থানার কচির উদ্দিনের ছেলে মো. পারভেজ।
মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ জানান, আটককৃত অপহরণকারী হলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মৃত ফরিদ মিয়ার ছেলে মো. নুরুল হক ওরফে লেদু মিয়া। সে এসব শিশুকে দেশের বিভিন্ন স্থান থেকে অপহরণ করে কাজের প্রলোভন দেখিয়ে দুবলার চরে নিয়ে আটকে রেখে শিশুশ্রমে বাধ্য করছিল। উদ্ধারকৃত শিশুরা দুবলার মাঝের কেল্লা চরে শুটকি তৈরির কাজ করছিল। কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন দুবলা টহল টিম শুক্রবার রাত ১২টার দিকে ওই চর থেকে ১০ শিশু শ্রমিককে উদ্ধার করে। এ সময় নুরুল হক ওরফে লেদু মিয়া নামে এক অপহরণকারীকে আটক করে অভিযানকারীরা।
অপহরণকারী মো. নুরুল হক ওরফে লেদু মিয়া শিশুদের কাজ দেয়ার কথা বলে বিভিন্ন জায়গা থেকে বোটযোগে দুবলা চরের শুটকি পল্লিতে নিয়ে যায় বলে কোস্ট গার্ডের কর্মকর্তারা জানিয়েছেন।
অপহরণকারী ও অপহৃত শিশুদের বাগেরহাটের শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।