নওগাঁ জেলা সংবাদদাতা : নওগাঁর সাপাহার ও পোরশা থানার প্রায় ৬০ বিঘা জমির আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ১ কোটি টাকা ক্ষতির শিকার হয়েছেন চাষিরা। দোষীদের আইনের আওতায় নিয়ে আসার পাশাপাশি ক্ষতিপুরণ আদায়ের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত আমচাষী ও স্থানীয় বাসিন্দারা।
নওগাঁ জেলার সীমান্তবর্তী উপজেলা সাপাহার ও পোরশা। বছর তিনেক আগে এখানে প্রায় ৬০ বিঘা জমিতে ১২ জন চাষী মিলে গড়ে তোলেন আম বাগান।
কিন্তু গত ১২ নভেম্বর মধ্যরাতে সেই আমবাগানের সব গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় কোটি টাকার। দিশেহারা কৃষকরা এই ঘটনায় দায়িদের আইনের আওতায় এনে ক্ষতিপূরণ আদায়ের দাবি জানিয়েছেন।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসন। কী কারণে এমনটি ঘটলো পুলিশ তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সাপাহার থানার ওসি আব্দুল হাই। তবে এই ঘটনায় এখনো কোন মামলা হয়নি।