নিজস্ব প্রতিবেদক।। সারা দেশে হঠাৎ করেই লবন নিয়ে ওঠা গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে মসজিদের মাইকে সকলকে সচেতন থাকার পরামর্শ দিয়েছে ঢাকার ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবীর মোল্লা।
মঙ্গলবার দুপুর থেকে লবন নিয়ে গুজব ছড়িয়ে পড়লে উপজেলার বড় মসজিদের মাইকে জরুরি ঘোষণা দেন তিনি। এসময় শহরবাসীকে আহ্বান জানিয়ে কবীর মোল্লা বলেন, আমি মেয়র হিসেবে সবাইকে আহ্বান জানাচ্ছি লবনের গুজবে কান দেবেন না। দেশে লবন বিদেশ থেকে আনার প্রয়োজন হয় না। দেশে পর্যাপ্ত লবনের মজুদ রয়েছে। গুজব ছড়িয়ে পড়ার কারণে অনেকে দাম বাড়িয়ে নিচ্ছেন। এতে কান দেবেন না।
তিনি বলেন, অতিরিক্ত লবন কিনে বিভ্রান্ত হবেন না। স্বাভাবিকভাবে যে পরিমাণ লবন থাকার কথা তা রয়েছে। এদিকে দুপুর থেকে লবনের দাম বেড়ে গেছে এমন গুজব ছড়িয়ে পড়লে দোকানগুলোতে বাড়তি ক্রেতার উপস্থিতি দেখা যায়। উপজেলার বিভিন্ন এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি দামে লবন বিক্রির তথ্য পাওয়া গেছে।