বাগেরহাটে গীতাপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- প্রকাশের সয়ম :
শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯
-
১১৯
বার দেখা হয়েছে

বাগেরহাট জেলা প্রতিনিধি।। বাগেরহাটে জেলা পর্যায়ে গীতাপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে বাগেরহাট শহরের শালতলাস্থ শ্রীশ্রী হরিসভা মন্দির প্রাঙ্গনে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় বিভিন্ন উপজেলা পর্যায় থেকে বিজয়ী হয়ে আসা ৫৭ প্রতিযোগী অংশগ্রহণ করেন।
জানা যায়, তৃতীয় শ্রেণি থেকে শুরু করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়া শিক্ষার্থীরাই ছিলেন প্রতিযোগী। তিনটি গ্রুপে প্রতিযোগিতায় অংশ নিয়ে ৯ জন শিক্ষার্থী বিজয়ী হয়েছেন। প্রতিযোগিতা শেষে প্রতিটি গ্রুপ থেকে তিন জন করে বিজয়ী মোট ৯ জনের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। বিজয়ীরা আগামীতে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ জাতীয় পর্যায়ে এই গীতাপাঠ প্রতিগোগিতার আয়োজন করেছে।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মানস কুমার তালুকদার, সহকারী অধ্যাপক অশোক কুমার রায় ও টেকনিক্যাল কলেজের ইন্সট্রাক্টর অমিয় কুমার পাল। প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী গুরুসেবানন্দ।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায়ের সভাপতিত্বে প্রতিযোগিতা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী পরিচালক বিশ্বজিৎ ব্যানার্জী, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অবনীশ চক্রবর্তী সোনা, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মিলন কুমার ব্যানার্জী, জ্ঞানরঞ্জন চক্রবর্তী, স্বপন কুমার বসু প্রমুখ।
Please Share This Post in Your Social Media