আমাদেরবাংলাদেশ ডেস্ক।। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছরের দন্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের বিরুদ্ধে আপিল শুনানি সময় পিছিয়ে আগামী বৃহস্পতিবার ধার্য করেছে আদালত।
আজ (সোমবার) সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।
ওই আবেদনের বিষয়ে আজ শুনানি হওয়ার কথা ছিলো। তবে, শুনানির শুরুতেই প্রধান বিচারপতি জানান, আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। এজন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন তিনি।
এর আগে গত ১৭ নভেম্বর চেম্বার বিচারপতি মোহাম্মদ নূরুজ্জামান আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান।
গত বছর ২৯ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মোহাম্মদ আখতারুজ্জামান জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।
গতবছর ১৮ নভেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এর বিরুদ্ধে আপিল করা হয়। ৩১ জুলাই বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ জামিনের ওই আবেদন খারিজ করে দেন।