দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি।। নেত্রকোনার দুর্গাপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সরকারী ভবন নির্মান কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকায় নির্মান কাজ বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম। প্রায় বত্রিশ লক্ষ টাকা ব্যয়ে ২০১৮-১৯ অর্থবছরে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশল জন্য ভবনটি বরাদ্দ হয়।
সোমবার সরেজমিনে গিয়ে জানাযায়, নেত্রকোনার মেসার্স সুশ্রী রানী সাহা রায় এন্টারপ্রাইজ ভবন নির্মাণ কাজ পেলেও অন্য প্রতিষ্ঠানের ঠিকাদার এই কাজটি করছেন। গত ২০ নভেম্বর উপজেলা প্রশাসনের প্রানকেন্দ্রে অবস্থিত এই নির্মান কাজটির উদ্বোধন হলেও এ ব্যাপারে প্রশাসনকে কিছুই জানানো হয়নি বলেও অভিযোগ রয়েছে। এছাড়াও কাজের ডিজাইন অনুযায়ী কোন কাজ না হওয়ায় স্থানীয় লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দিলে তিনি ঐ স্থানে গিয়ে নির্মান কাজ বন্ধ করে দেন।
এ ব্যাপারে উপ-সহকারী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান বলেন, আমি গিয়ে দেখেছি কাজটি নকশা মতো হচ্ছেনা। আমি উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। সেইসাথে নকশা মোতাবেক নির্মান কাজ করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে চিঠি দিচ্ছি।
এব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করা হলে কোনো কথা বলতে রাজি হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম বলেন, নির্মান কাজে অনিয়ম হচ্ছে এমন অভিযোগে ঐ এলাকায় ভবনের কাজে ব্যজ ঢালাই ছাড়াই কলাম ঢালাই করার বিষটি চোখে পড়ে তাছাড়া নির্মান সামগ্রীগুলো নিম্নমানের মনে হয়েছে। এরই প্রেক্ষিতে কর্মরত মিস্ত্রীদের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি।