ধামরাই সংবাদদাতা।। বুধবার ৪ ডিসেম্বর ছিল ঢাকার ধামরাইয়ে পৌরসভা ও সূতিপাড়া ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনকে ঘিরে ছিল নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি। মঞ্চ ও প্যান্ডেল তৈরী করা হয়েছিল । নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনে ছেয়ে দিয়েছিল পুরো এলাকা। কিন্তু হঠাৎ করে সম্মেলন স্থগিত করে দিয়েছে কেন্দ্রীয় কমিটি । সম্মেলন স্থগিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
ব্যাপক উৎসাহ উদ্দিপনা এবং তৃণমূলের নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণের মধ্যদিয়ে চলছিল ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ।ইতোমধ্যে ১৬টি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডের সম্মেলন শেষও হয়েছে। চলছিল ইউনিয়ন পর্যায়ের সম্মেলন। ১৬টি ইউনিয়নের মধ্যে ১৩ টি ইউনিয়নের সম্মেলন তৃণমূলের হাজার হাজার নেতাকর্মীর প্রত্যক্ষ অংশগ্রহনের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে।
বুুুধবার ছিল ধামরাই পৌরসভা ও সূতিপাড়া ইউনিয়নের এবং ৬ ডিসেম্বর শুক্রবার ছিল উপজেলা সম্মেলন। এ সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ছিল বেশ উৎসাহ উদ্দিপনা । পূর্বে থেকেই নেতাকর্মীদের ছবি সম্বলিত ব্যানার ফেস্টুনে ছেয়ে ফেলে সম্মেলনস্থলসহ পুরো এলাকা ।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি মুক্তিযোদ্ধা এম এ মালেকের অভিযোগে গত মঙ্গলবার রাতে সম্মেলন গুলো স্থগিতের নির্দেশনা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডাঃ দিপু মণি।
এ সম্মেলনকে ঘিরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি মুক্তিযোদ্ধা এম এ মালেক অভিযোগ করায় তৃণমূলে নেতাকর্মীদের মাঝে বেশ ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সম্মেলন স্থগিত হওয়ায় এ নিয়ে আজ দুপুরে সূতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর খেলার মাঠে ইউনিয়ন নেতাকর্মীদের নিয়ে সম্মেলনস্থলে এক আলোচনা হয়। সভায় বক্তব্য রাখেন স্থানীয় এমপি ও ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন, পৌরসভাপতি ও পৌর মেয়র গোলাম কবির মোল্লা ও ইউনিয়ন চেয়ারম্যান রাজা প্রমুখ ।
এসময় বক্তরা বলেন, সাবেক এমপি এম এ মালেক বর্তমান এমপির সময়ে দলীয় সকল অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন । এমনকি এসব ইউনিয়নের সম্মেলনের সময় সূচি তিনি নিজে স্বাক্ষরও করেছেন।অথচ তিনি অভিযোগ করেছেন তাকে (মালেক) ছাড়া সকল সম্মেলন করা হয়েছে। এসময় বক্তরা আরো বলেন, তিনি এমপি থাকাকালিন গত ৫ বছরে দলের মধ্যে বিশৃংখলা ও অরাজকতা করেছেন এবং অনেক নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়েছেন সে জন্য তিনি ধামরাই আসতে পারেন না । তার ন্যাক্কারজনক কাজের জন্য ধামরাইয়ের সকল নেতাকর্মী, সাধারণ মানুষ সাবেক এমপি মালেককে অবাঞ্ছিত ঘোষণা করেছেন।
এ সময় ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি এমপি বেনজির আহমদ সূতিপাড়া ইউনিয়নের নেতাকর্মীদের শান্তনা দেন এবং আওয়ামী লীগের সাথে সবসময় থাকার নির্দেশ দেন।
সম্মেলনের ব্যাপারে কেন্দ্রীয় নেতাদেরকে সাবেক এমপি এমএ মালেক ভুল বুঝিয়েছেন বলে দাবি করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু। তিনি বলেন, ধামরাইয়ের সব ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে সম্মেলন শেষ, ইউনিয়ন পর্যয়ে সম্মেলন শেষ পর্যায়ে তখন সাবেক এমপি এম এ মালেক কেন্দ্রীয় নেতাকর্মীদের ভুল বুঝিয়েছেন। তাই কেন্দ্রীয় নেতাদের নির্দেশে সম্মেলন স্থগিত করা হয়েছে।
এদিকে পৌরসভার সম্মেলন স্থগিত হওয়ায় বিকেলে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্মেলন স্থলে পৌরসভার নেতাকর্মীদের নিয়ে আসন্ন মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর সভাপতি ও পৌর মেয়র আলহাজ গোলাম কবির মোল্লা । প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি আলহাজ বেনজীর আহমদ। এ সময় সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীসহ অন্যান্য নেতাকর্মীরি উপস্থিত ছিলেন।
আবা/রিফাত/হাসিব