নিজস্ব প্রতিবেদক।। ঢাকা জেলার সব গুলো থানা ও উত্তর গোয়েন্দা পুলিশে (ডিবি) শ্রেষ্ঠ মামলা তদন্তকারী অফিসার নির্বাচিত হয়েছেন উপ-পরিদর্শক (এসআই) বিলায়েত হোসেন। এর আগে জেলায় ওয়ারেন্ট তামিলকারী, মাদক নির্মূল, পাচার হওয়া শিশু-নারী উদ্ধার ও অসীম সাহসিকতার জন্য (অল-রাউন্ডার) চার বার শ্রেষ্ঠত্বের সম্মাননা পেলেন ডিবি পুলিশের এই কর্মকর্তা। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১০ টায় ঢাকা রেঞ্জের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার হাতে সম্মাননা সনদ ও পুরস্কার তুলে দেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) মহোদয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, দক্ষতার সাথে সঠিকভাবে মামলার তদন্ত ও তদারকি করতে হবে। নারী নির্যাতন বিশেষ করে ধর্ষণ ও গণধর্ষণ মামলা নিবিড়ভাবে তদারকির মাধ্যমে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। সাজা ও গ্রেফতারি পরোয়ানা নিয়ে কোন ব্যক্তি যেন পালিয়ে থাকতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেন এবং গ্রেফতারি পরোয়ানা তামিলে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
আইজিপি বলেন, পুলিশি সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। আমাদেরকে মানুষের মধ্যে নিরাপত্তাবোধ জাগিয়ে তুলতে হবে। তাদের সাথে আস্থার সম্পর্ক গড়ে তুলতে হবে। কোন নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বাংলাদেশ পুলিশকে জনবান্ধব ও মানবিক পুলিশে পরিণত হতে হবে বলেও জানান পুলিশ প্রধান। অপরাধ সভায় রেঞ্জের শ্রেষ্ঠ ১৯ জন অফিসার এবং মামলা তদন্তে সাফল্যের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ১৮ জন পুলিশ অফিসারকে পুরস্কার প্রদান করা হয়।
বিলায়েত হোসেন ৩৫ তম পুলিশ ক্যাডেটে (এসআই) হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দিয়ে সাহসিকতার সাথে প্রশিক্ষণ শেষ করে ঢাকা জেলার নবাবগঞ্জ ও পরে আশুলিয়া থানায় যোগদানের পর বর্তমানে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশে কৃতিত্বের সাথে কর্মরত রয়েছেন।বিলায়েত হোসেন বলেন আমি শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছি, সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো কাজের স্বীকৃতি পেয়ে খুবই ভালো লাগছে। এই পুরস্কার আমার কাজের গতিকে আরও বেগবান করবে বলেও জানান পুলিশের এই চৌকস কর্মকর্তা।