নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ার বেড়ীবাধ এলাকায় পিছিয়ে পড়া জনগোষ্ঠী বেদে সম্প্রদায় ও অসহায় গরীব দুঃখী মানুষের কষ্ট লাঘবে তাদের মাঝে শীত বস্ত্র ও খাবার বিতরণ করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু। শুক্রবার (৬ নভেম্বর) সকালে সম্পূর্ণ নিজ উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে তিনি এ কম্বল বিতরণ করেন। এসময় গরীব দুঃস্থ ও অসহায়ের মাঝে পর্যাপ্ত খাবার সামগ্রীও বিতরণ করেন তিনি। শীতবস্ত্র ও খাবার বিতরণ কালে এসময় তার স্ত্রী ও দুই কন্যাসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানতে চাইলে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, চেষ্টা করুন শীতে আপনার আশেপাশে কেউ যেন কষ্ট না করে। সরকার তার সাধ্যমতো চেষ্টা করছে, তাই বলে এই কথা ভাবলে চলবে না যে, আমাদের কোন দায় নেই। আমরা নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করলে সবই সম্ভব, আসুন সকলেই মানবতাকে জাগ্রত করি। আপনার ঘরে এমন অনেক কাপড় রয়েছে যা আর পড়া হবে না, আপনার সন্তানদের এমন অনেক কিছুই আছে যা তাদের কাজে লাগবে না। আপনার কাছে যা পুরাতন তা অন্য কারো কাছে নতুনের চাইতেও নতুন।
তিনি আরও বলেন, মানুষের সেবা করাটাও একটা ইবাদত। এই শিক্ষাটা আমি আমার পরিবার থেকে পেয়েছি। যতোদিন বাঁচবো, এভাবেই মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে যাবো। আমাদের আশপাশে অনেক বিত্তবান রয়েছেন। তারা যদি সমাজে অসহায় এবং দরিদ্র মানুষ গুলোকে সহায়তায় এগিয়ে আসতো, তাহলে সমাজের চেহারাটাই বদলে যেতো। কেউ তখন অসচ্ছল অবহেলায় জীবন যাপন করতো না। তিনি সমাজের বিত্তবানদের অসহায় ও শীতার্তদের পাশে এসে সাধ্যমতো সহযোগিতার আহ্বান জানান।
উল্লেখ্য, শেখ রিজাউল হক দিপু ঢাকা জেলার আশুলিয়া থানায় ২০১৮ সালের ২ সেপ্টেম্বর যোগদানের পর থেকেই আইনশৃংখলার উত্তরোত্তর উন্নতি ঘটতে থাকে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সনীতি অবলম্বন করে তিনি বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, মাদক ব্যবসায়ীদের গ্রেফতার, জুয়া বন্ধ, জুয়াড়ি গ্রেফতার, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, কমিউনিটি পুলিশিং কার্যক্রম, জিডি কিংবা মামলা করতে কোন টাকা লাগেনাসহ নানা ধরণের জনসেবামূলক কাজ করায় তিনি সাধারণ মানুষের আস্থা অর্জনের মধ্যদিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য ও গোপালগঞ্জের সৎ, সাহসী ও কৃতি সন্তান আশুলিয়া থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু।