লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাটের আদিতমারীতে কৃষক পর্যায়ে ন্যায্যমূল্যে খাদ্যশস্য (ধান) সংগ্রহ করার লক্ষ্যে লটারির মাধ্যমে নির্বাচন করা হচ্ছে কৃষকদের ভাগ্য।
রবিবার উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দীনের নেতৃত্বে ৮ ইউনিয়নের কৃষকদের লটারির মাধ্যমে নির্বাচন করা হয়েছে। লটারিতে নির্বাচিত এসব ভাগ্যবান কৃষকদের কাছ থেকে সরকারি মূল্যে ১০৪০ টাকা দামে ধান কিনবেন সরকার।
উপজেলা কৃষি অফিস থেকে জানা যায়, উপজেলায় চলতি আমন মৌসুমে নানা প্রতিকূলতার মাঝেও ধানের ফলন ভাল হয়েছে। প্রতি মৌসুমে বাজারে ধানের দাম না থাকায় লাগাতার লোকসান দিয়ে আসছেন এখানকার কৃষকরা। লোকসান পূরণ করার লক্ষ্যে কৃষকদের কাছ থেকে সরকারি মূল্যে ধান ক্রয় করার জন্য জেলা প্রশাসনের নির্দেশক্রমে লটারির মাধ্যমে নির্বাচন করা হচ্ছে কৃষকদের নাম।
কৃষকদের ভাগ্য নির্ধারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলীনুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) আবু হেনা মোস্তফা কালাম,উপজেলা সমবায় অফিসার ফজলে এলাহী, ছাত্রলীগের সাধারন সম্পাদক মাইদুল ইসলাম বাবু প্রমুখ।
উল্লেখ্য, চলতি মৌসুমে উপজেলায় আমন ধান সংগ্রহ অভিযানে ২৬ টাকা কেজি দরে সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৮৩ মেট্টিক টন। লক্ষ্যমাত্রার সবটুকু ধান লটারির মাধ্যমে ১৭ হাজার ৩৫১ জন কৃষকের মধ্যে নির্বাচিত ২ হাজার ৪৭৪ জন কৃষকদের কাছ থেকে ক্রয় করা হবে।
লালমনিরহাট/ রিফাত/সুলতান