খুলনা সংবাদদাতা।। বেগম রোকেয়া দিবস-২০১৯ উপলক্ষে এক আলোচনা সভা সোমবার দুপুরে খুলনা সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের সহযোগীতায় খুলনা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল।
প্রধান অতিথি বলেন, বেগম রোকেয়ার মতো মহিয়সী নারীর চেষ্টার ফলে এদেশের নারীরা আজ দেশের গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছে। আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকারসহ মন্ত্রিসভার অনেক সদস্যই নারী। সেনাবাহিনী ও পুলিশের চাকুরিতেও নারীরা সুনামের সাথে কাজ করছে। তিনি আরও বলেন, খুলনায় এগিয়ে আসা নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বিপণন সহজতর করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। মেধা ও দক্ষতায় নারীরা পিছিয়ে নেই। বৃহৎ জনসংখ্যার এই দেশে নারী-পুরুষ উভয় জনগোষ্ঠীর উন্নয়নের মাধ্যমে ২০৩০ সালে আমরা উন্নত দেশ হওয়ার দ্বারপ্রান্তে উপনীত হবো।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইশরাত জাহান, প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনার আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা ও খুলনাস্থ জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপিকা সৈয়দা হোসনে আরা রুনু। অনুষ্ঠানে স্বাগত জানান মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নার্গিস ফাতেমা জামিন। অনুষ্ঠানে বিগত বছরগুলোতে নির্বাচিত জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।
অপরদিকে, রূপসা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে সোমবার সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০ টায় উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশার নেতৃত্বে উপজেলা মিলনায়তনের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক পরিদর্শন শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তারের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে এ দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় স্বাগত বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন।
যুব উন্নয়ন কর্মকর্তা মোল্লা আবু বকরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ফরিদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, সমবায় কর্মকর্তা প্রশান্ত ব্যানার্জি। অনুষ্ঠান শেষে ৫টি ক্যাটাগরিতে উপজেলার শ্রেষ্ঠ ৫জন জয়িতাকে সম্মাননা ক্রেষ্ট, সনদ ও পুরস্কার প্রদান করা হয়। জয়িতারা হল মনিরা সুলতানা, হিরা মুক্তা বেগম, নাসিমা আক্তার ময়না, আরতি দে, নাসরিন আক্তার।