মেহেরপুর সংবাদদাতা।। মেহেরপুরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ ডিসেম্বর) সকালে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে উদ্যোগে জেলা প্রশাসক চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। জেলা প্রশাসক আতাউল গনির নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত জয়ীতাদের সংবর্ধনা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক একেএম শফিউল আযম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আতাউল গনি। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, সিভিল সার্জন ডাঃ শামীম আরা নাজনীন, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হিরা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক খান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক সানজিদা ইসলাম প্রমূখ।
অনুষ্ঠান শেষে মেহেরপুর জেলা পর্যায়ে ৫ জন এবং সদর উপজেলা পর্যায়ে ৫ জন জয়ীতাকে ক্রেস্ট প্রদান করা হয়। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী সদর উপজেলার যাদবপুর গ্রামের মমতাজ খাতুন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী গাংনীর পূর্ব মালশাদহের আশরাফুন্নেসা, সফল জননী গাংনী কাজিপুর গ্রামের পারভিন আক্তার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা রেহেনা খাতুন, এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মুজিবনগরের ভবেরপাড়া এলিজাবেদ খান কে ক্রেস্ট প্রদান করা হয়। একই সাথে উপজেলা পর্যায়ে মমতাজ খাতুন, নাজমুন্নেসা, আনোয়ারা খাতুন, রেহেনা খাতুন এবং নুরুন্নাহার কে ক্রেস্ট প্রদান করা হয়।
মেহেরপুর/রিফাত/পাভেল