বিশেষ প্রতিনিধি।। চাঁদার টাকার ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধের জেরে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়ে সাভারের এনাম মেডিকেল কলেজের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন রিয়াজ। তিনি গত দুই দিন ধরে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমাবার (৮ ডিসেম্বর) রাত ১১ টার দিকে আশুলিয়ার পল্লিবিদ্যুৎ এলাকার নিজ ভাড়া বাসায় যাওয়ার সময় তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে তারই গডফাদার। বিভিন্ন পরিবহন ও পরিবহন স্ট্যান্ডের চাদার টাকা ভাগ বাটোয়ারার জেরে তাকে গুলি করা হয়েছে বলে জানা গেছে।
আশুলিয়ার নবীনগর থেকে বাইপাইল পর্যন্ত বিভিন্ন পরিবহন ও পরিবহন স্ট্যান্ড থেকে চাঁদা উঠানোর কাজ করতো রিয়াজ।সেই চাঁদার টাকার ভাগ বাটোয়ারা নিয়ে তাদের দুই জনের মধ্যে ঝামেলা চলছিলো। এরই জেরে রিয়াজ বাড়ি ফেরার সময় সুযোগ বুঝে গতিরোধ করে মাহবুব ও তার বাহিনী। প্রথমে এলোপাথারি মারধর করলে জীবন বাঁচানোর তাগিদে রিয়াজ দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে তার পেটে বিদ্ধ হয় গুলি। এসময় প্রচুর রক্তক্ষরণ হয়ে অচেতন হয় রিয়াজ। পরে তাকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায় সন্ত্রাসীরা। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও গুলির খোসা উদ্ধার করে।
তবে এবিষয় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রিজাউল হক দীপু কাছে জানতে চাইলে তিনি বলেন, এখনো কেও থানায় মামলা কিংবা কোন অভিযোগ করেনি। কি কারনে গুলি করা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ও এর সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হাসান সরদার কাছে জানতে চাইলে তিনি জানান গুলির ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চলছে। দ্রুতই গ্রেপ্তার করা সম্ভব হবে বলে জানান তিনি।