নিজস্ব প্রতিবেদক।। আবুল মনসুর তার জীবদ্দশায় সব মোল্লাদের সমালোচনা করেননি, শুধু ভন্ডদের সমালোচনা করেছেন বলে মন্তব্য করেছেন লেখক ও প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ। ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘আবুল মনসুর আহমদের সাহিত্যে সমাজের ধর্মান্ধতা ও শ্রেণিচরিত্র’ শীর্ষক অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২ টায় বাংলা বিভাগের আয়োজনে রবীন্দ্র-নজরুল কলাভবনের গ্যালারি কক্ষে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।
এসময় তিনি আরো বলেন, ‘আবুল মনসুর আহমদ বাংলা সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ। তিনি একজন ক্লাসিক্যাল রাইটার। ক্লাসিক্যাল রাইটারদের মৃত্যু নেই। ছাত্রজীবন থেকেই তিনি সাহিত্যচর্চা শুরু করেন। সংস্কারমুক্ত মানুষ ছিলেন আবুল মনসুর। তিনি সব মোল্লাদের সমালোচনা করেননি। শুধু ভন্ডদের করেছেন।’ তিনি তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে বলেন ‘বর্তমান প্রজন্মকে বই থেকে দূরে রেখেছে মোবাইল ফোন। বই পড়ার আনন্দ ফেইসবুকের মধ্যে খুজে পাওয়া যাবেনা।’
সেমিনারে বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম। প্রধান আলোচক হিসেবে ছিলেন লেখক ও প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ। বিশেষ আলোচক হিসেবে ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক গাজী মাহবুব মুর্শিদ, কবি ও আহ্বায়ক আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদের গবেষক ইমরান মাহফুজ। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনারটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তপন কুমার রায়।
উল্লেখ্য, আবুল মনসুর আহমেদ একজন বাংলাদেশী সাহিত্যিক, রাজনীতিবিদ এবং দেশবরেণ্য সাংবাদিক। তিনি ছিলেন একাধারে রাজনীতিবিদ, আইনজ্ঞ ও সাংবাদিক এবং বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ বিদ্রূপাত্মক রচয়িতা। ১৯৪৬-এ অবিভক্ত বাংলার কলকাতা থেকে প্রকাশিত ইত্তেহাদের সম্পাদক এবং তৎকালীন কৃষক ও নবযুগ পত্রিকায় কাজ করেন তিনি। তার বিখ্যাত আত্মজীবনীমূলক রচনা ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’।