বাগেরহাট সংবাদদাতা।। মোংলা বন্দরের আধুনিকায়নে অতি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভা।
প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) শেরে-বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। সভাশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, মোংলা বন্দরের আধুনিক বর্জ্য ও নিঃসৃত তেল অপসারণ ব্যবস্থাপনা’ প্রকল্পের মোট ব্যয় ৪০১ কোটি টাকা।
প্রকল্পের আওতায় আন্তর্জাতিক নৌ কনভেনশনের বাধ্যবাধকতা পালন ও জাহাজের বর্জ্য সমুদ্রে এবং নদীতে নিক্ষেপরোধ করা হবে। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব বন্দর বিনির্মাণ, সামুদ্রিক পরিবেশকে দূষণ থেকে রক্ষাসহ মোংলা বন্দরে আসা সমুদ্রগামী জাহাজের বর্জ্য দূষণ থেকে সুন্দরবনকে রক্ষা করা হবে।
পশুর চ্যানেল ও মোংলা বন্দরের আশপাশের নদ-নদীকে জাহাজ থেকে নিঃসৃত তেল থেকে দূষণমুক্ত রাখা, দ্রুত ও দক্ষতার সঙ্গে তৈলাক্ত পদার্থ অপসারণ করার জন্য একটি অয়েল রিকোভারি ফ্লিট গঠন করা হবে।
বর্জ্য গ্রহণকারী একটি জলযান, পাঁচটি কন্টেইনার, তেল অপসারণকারী দুটি ভেসেল, ৫০টি ২০০ লিটারের কন্টেইনার, একটি ওয়ার্কশপ ক্লিনিং ইকুইপমেন্ট সেট কেনা হবে। এছাড়াও পোর্ট রিসিপশন ফ্যাসিলিটিজ, দুটি ডাম্প ট্রাক, ইয়ার্ড ক্লিনিং ইকুইপমেন্ট সেট, একটি পিকআপ ভ্যান, জেটি নির্মাণ করা হবে।