শেরপুর সংবাদদাতা।। সারাদেশের ন্যায় শেরপুরেও খ্রীষ্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড় দিন উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে ২৫ ডিসেম্বর বুধবার দিনব্যাপী জেলার বিভিন্ন খ্রীষ্টান মিশন এবং ধর্মীয় উপাসনালয়ে উৎসবের আমেজ বিরাজ করে।
বিশেষ করে জেলা সদরের চরশ্রীপুর, পৌর এলাকার কসবা গারো পল্লী, সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর আদিবাসি খ্রীষ্টান ধর্মপল্লী, নালিতাবাড়ী উপজেলার বারোমারি সাধু লিওর ধর্ম পল্লী ও শ্রীবরদী উপজেলার বাবলাকোনা আদিবাসী খ্রীষ্টান ধর্মপল্লীসহ জেলার বিভিন্ন এলাকার ২৯ টি গীর্জায় প্রায় ২০ হাজার খ্রীষ্টান ধর্মে দীক্ষিত গারো আদিবাসীসহ খ্রীষ্ট ভক্তরা নানা আয়োজনে শুভ বড় দিন উদযাপন করছে।
এসব আয়োজনের মধ্যে রয়েছে কেক কাটা, যিশুর জন্মস্থান প্রতীকী গোয়াল ঘর তৈরী করে আরাধনা, খ্রিষ্টমাস গাছ সাজানো ও বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত খাওয়া ও প্রীতি ভোজ এবং আত্মীয়-স্বজনদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় ও কীর্ত্তন ইত্যাদি।
বড় দিন উপলক্ষ্যে খ্রীষ্ট ভক্ত বিভিন্ন গীর্জায় আরাধনা ও প্রীতিভোজের আয়োজন করা হয়। এছাড়া ওইসব এলাকার বিভিন্ন বাড়ি-বাড়ি আলোকসজ্জা এবং ঘরবাড়িও সাজানো হয়। জেলার বাইরে অবস্থানরত আত্মিয়স্বজনরা এবং কর্মরত লোকজন বড় দিনের ছুটি নিয়ে বাড়িতে এসে পরিবারের সদস্যদের সাথে দিনটির আনন্দ উপভোগ করেছে। ধর্মীয় উৎসবের পাশাপাশি দিন ব্যাপী বিভিন্ন গির্জার পাশে চলে শিশুদের এবং আদিবাসী পণ্যের মেলা।
এদিকে জেলার এসব ধর্মপল্লীতে যেন নির্বিঘ্নে খ্রীষ্টানরা তাদের ধর্মীয় উৎসব করতে পরে সে জন্য জেলার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও গোয়েন্দা সংস্থার লোকজন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।
আমাদেরবাংলাদেশ.কম/রিফাত