আমাদেরবাংলাদেশ ডেস্ক।। আসন্ন ঢাকার দুই সিটি নির্বাচন নিয়ে বিএনপির নেতাদের বিভিন্ন মন্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচন না হতেই আগাম মন্তব্য করা বিএনপির পুরনো স্বভাব। আসলে তারা নির্বাচন হওয়ার আগেই হেরে গেছে। তাদের কথাবার্তায় পরাজয়ের সুর। তারা তো আন্দোলনে পরাজিত, নির্বাচনে কীভাবে বিজয়ী হবে।’রোববার (৫ জানুয়ারি) রাজধানীর রমনা পার্ক রেস্তোরাঁ প্রাঙ্গণে আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলোত্তর প্রীতিভোজ ও পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘এ দেশ যারা আন্দোলনে পরাজিত, তারা কখনও নির্বাচনে জয় লাভ করে না। তাই তাদের কথামালায় চাতুরি। নির্বাচনের আগেই নির্বাচন নিয়ে আগাম বিষোদগার। নির্বাচনটা আগে হোক, জাতি দেখবে এ দেশে আমরা কেমন নির্বাচন করি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগে বঙ্গবন্ধুর কন্যা হিসেবে শেখ হাসিনা আমাদের সভাপতি। যিনি বাংলাদেশকে উন্নয়ন-অর্জনে বিশ্বসভায় বিশেষ মর্যাদায় মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন। এ সাফল্যের রূপকার হচ্ছেন বঙ্গবন্ধুর কন্যা, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি আরও বলেন, ‘মির্জা ফখরুল সাহেব কোন তন্ত্রে আছেন। বেগম খালেদা জিয়া, তারেক জিয়া এরা কোন পরিবারের নেতা, জানতে চাই। বিএনপির নেতৃত্বই তো একটা পরিবার থেকে এসেছে। আওয়ামী লীগে গণতন্ত্র আছে, বিএনপিতে গণতন্ত্র নেই।