বাগেরহাট সংবাদদাতা।। ডিবিসিনিউজ’র টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার এবং ৭১ টিভি’র খুলনা ব্যুরো প্রধান রাকিবউদ্দিন পান্নুসহ সারা দেশে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হয়রানির প্রতিবাদে ও বিচার দাবিতে দিনাজপুর ও বাগেরহাটে মানববন্ধন করেছে সংবাদমাধ্যম কর্মীরা।
বুধবার (৮ জানুয়ারি) বেলা ১২টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে দিনাজপুর প্রেসক্লাব এবং টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন যৌথ আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে দিনাজপুরে কর্মরত গণমাধ্যম কর্মী এবং ফটো সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধন থেকে সাংবাদিক নেতারা গণমাধ্যমের স্বাধীনতার সাথে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবিলম্বে ডিবিসিনিউজ’র টাঙ্গাইল প্রতিনিধি এবং ৭১ টিভি’র খুলনা ব্যুরো প্রধানের ওপর হামলা ও নির্যাতনে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এদিকে, সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা মানববন্ধন করেন।
ঘন্টাব্যাপী মানববন্ধনে সাংবাদিক নেতার বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় রকিব উদ্দিন পান্নুসহ তিন সাংবাদিকের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তার অসৌজন্যমূলক আচরণ কোনভাবে মেনে নেওয়া যায় না। সরকারের কাছে পুলিশ সদস্য ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
তারা বলেন, সারা দেশে বিভিন্নভাবে সাংবাদিকরা নির্যাতনের শিকার হচ্ছেন। মাদারীপুরে দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সময় টেলিভিশনের প্রতিনিধিসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দ্রুত এই মামলা প্রত্যাহারেরও দাবি জানান বক্তারা।
আ/মিজান