লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা বহুমুখী স্কুল এন্ড কলেজ থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উপজেলার সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। সেই সাথে উপজেলা সদরের নামী দামী প্রতিষ্ঠানের ফলাফল সবাইকে হতাশ করেছে। এ নিয়ে চলছে নানা সমালোচনা।
জানা গেছে, উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে ইউনিয়ন পর্যায়ের একটি নামকরা প্রতিষ্ঠান মহিষখোচা স্কুল এ্যান্ড কলেজ। প্রতিবছর সকল পরীক্ষায় এখান থেকে ছাত্রছাত্রীরা ভাল ফলাফল করে আসছেন। তবে এবছর উপজেলা পর্যায়ের সকল প্রতিষ্ঠানকে পেছনে ফেলে সবার নজর কেড়েছে স্বণামধন্য এ প্রতিষ্ঠানটি। এবছর জেএসসি পরীক্ষায় ১৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ জন ছাত্রী জিপিএ-৫,এ গ্রেড ৩৯ জন ছাত্রছাত্রী আর বাকিরা এ- পেয়েছেন। তবে এখানকার কর্মরত শিক্ষক-শিক্ষিকা ও অধ্যক্ষের সার্বক্ষণিক তদারকির কারণে এ ফলাফল হয়েছে বলে অভিভাবকরা দাবী করেন।
জেএসসিতে জিপিএ-৫ প্রাপ্তরা হলেনঃ মোছাঃ সাদিকা তসনিয়া, মোছাঃ রওশন আকতার, মোছাঃ মোস্তারিন নাহার সিদ্দিকা, মোছাঃ সোমাইয়া আকতার ও মোছাঃ আল আসমাউল হুসনা।
মহিষখোচা বহুমুখী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শরওয়ার আলম বলেন,শিক্ষক -অভিভাবক ও ছাত্রছাত্রীদের আন্তরিকতা কারণে ভাল ফলাফল করা সম্ভব হয়েছে। এ ফলাফল ধরে রাখার চেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি দাবী করেন।