
খুলনা সংবাদদাতা।। কর্মজীবি ও ঝরে পড়া শিশুদের জন্য গড়ে উঠা রূপসার ইলাইপুরস্থ অনুশীলন মজার স্কুলের নব নির্মিত ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান শনিবার (১৮ জানুয়ারী) ইলাইপুরস্থ আনসার ক্যাম্পের বিপরীতে মোমিনবাগে অনুষ্ঠিত হয়েছে। সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশন নব নির্মিত এই ভবনের যাবতীয় খরচ বহন করছেন।
এ সময় প্রধান অতিথির বক্তৃতায় বিশিষ্ট সমাজসেবক ও এনভয় গ্রুপের পরিচালক সারমিন সালাম বলেন, আমরা সবাই মিলে একটি পজেটিভ বাংলাদেশ গড়ে তুলবো। দোষে গুণে আমরা মানুষ। আমরা মানুষের গুনটাকে সামনে নিয়ে আসবো। তাহলে এক সময় হয়ত তার দোষটি হারিয়ে যাবে। তিনি আরো বলেন, সর্বদা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, নিজে অন্যায় করবো না, অন্যকেও করতে দেব না। সকলের সহযোগীতা নিয়ে প্রধানমন্ত্রীকে একটি মাদক ও সন্ত্রাসমুক্ত রূপসা উপহার দিতে চাই। অনুশীলন মজার স্কুল সম্পর্কে তিনি বলেন, আজকের শিশুরা দেশের ভবিষ্যৎ। সমাজের কর্মজীবি ও ঝড়ে পড়া শিশুদের শিক্ষা নিশ্চিত করতে অনুশীলন মজার স্কুল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো। এই অনুশীলন মজার স্কুল একদিন দেশের রোল মডেল হয়ে গড়ে উঠবে বলে তিনি দৃঢ় আশা ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে তিনি স্কুলটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্রিড়াবিদ আজাদ আবুল কালাম এর সভাপতিত্বে ও ইউপি সদস্য আব্দুল গফুর খান এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির বক্তৃতা করেন রূপসা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফম আব্দুস সালাম। এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মোঃ শামসুল আলম, ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, ইচ্ছে ফাউন্ডেশনের পরিচালক মোঃ আবু তাহের প্রিন্স, রূপান্তরের প্রজেক্ট ম্যানেজার গোলাম মোস্তফা।
স্বাগত বক্তৃতা করেন অনুশীলন মজার স্কুলের পরিচালক অলোক চন্দ্র দাস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, স্কুলের উপদেষ্টা রবিউল ইসলাম লিটু, এড. আব্দুল হালিম, দৈনিক নবচেতনার জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম প্রমুখ।