শার্শা যশোর সংবাদদাতা।। যশোরের নাভারণ রেলষ্টেশন থেকে চুরি হওয়া রেলপাটি দেড় মাসেও উদ্ধার হয়নি। চুরি হওয়া রেলপাটি উদ্ধারের ব্যাপারে কোন পদক্ষেপ নেয়ারও উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছেনা। নাভারণ রেলষ্টেশনে মজুতকৃত রেলপাটি থেকে ১১ডিসেম্বর রাতে ২৯টি রেলপাটি কে বা কারা চুরি করে নিয়ে যায় (রেলপাটিগুলি প্রত্যেকটি ৫ফুট করে লম্বা)। রেলপাটি চুরির বিষয়টি জানাজানি হওয়ার পরের দিন যশোর রেলষ্টেশনের পি,ডব্লিউ-এর উপ-সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান নাভারণ রেলষ্টেশনের ঘটনাস্থল পরিদর্শন শেষে চুরির ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি নাভারণ রেলষ্টেশনের লোকজনের কাছে রেলপাটি চুরির বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করেন।
নাম প্রকাশ না করার শর্তে নাভারণ রেলষ্টেশন এলাকার জনৈক ব্যক্তি জানান, রেলপাটি চুরির বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদকালে স্থানীয় জনৈক রাজনৈতিক ব্যক্তির উপর রেলপাটি চুরির ঘটনা উদঘাটনের পরোক্ষ চাপ সৃষ্টি করেন রেলের উপ-সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান। ১২ডিসেম্বর ভোরবেলা নাভারণ রেলষ্টেশনের পশ্চিম পাশে ঝোপের মধ্যে চুরি হওয়া ১৩টি রেলপাটি পরিত্যক্ত অবস্থায় স্থানীয় লোকজন দেখতে পেয়ে রেলষ্টেশনে রেললাইনের পরিস্কার-পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত শ্রমিকদের কাছে জানালে তারা সেখান থেকে ১৩টি রেলপাটি উদ্ধার করে রেলষ্টেশনের যাত্রী বিশ্রামাগারে রেখে দেয় এবং ২দিন পরে উদ্ধারকৃত রেলপাটিগুলি রেলকর্তৃপক্ষ অন্যত্র সরিয়ে নেয়। এবিষয়ে নাভারণ রেলষ্টেশনের দায়িত্বে ডিউটিরত বুকিংম্যান মিলন মাহমুদ বলেন, প্রকৌশল বিভাগের কাজকর্ম আমার দেখার দায়িত্ব নয় বিধায় নাভারণ রেলষ্টেশন থেকে রেলপাটি চুরি হলো কিনা খোজ-খবর আমি রাখিনা।
তবে, রেলপাটি চুরি হওয়ার খবর আমি শুনেছি এবং কিছু রেলপাটি উদ্ধারের বিষয়েও জেনেছি। এব্যাপারে রেলষ্টেশনে রেললাইনের পরিস্কার-পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত শ্রমিকদের দলনেতা কবীর হোসেন বলেন, নাভারণ রেলষ্টেশন থেকে রেলপাটি চুরি ও উদ্ধারের খবর সঠিক। তবে চুরি হওয়া রেলপাটি একদিনে ১৩টি উদ্ধারের পর আর কোন উদ্ধারের খবর পাওয়া যায়নি।
পি,ডব্লিউ-এর উপ-সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, নাভারণ রেলষ্টেশন থেকে রেলপাটি চুরির ঘটনা আমি শুনেছি। তবে কয়টি রেলপাটি চুরি হয়েছে তা আমার জানা নাই। রেলপাটি যখন চুরি হয়েছে তখন আমি বাইরে ছিলাম। চুরি হওয়া রেলপাটি আস্তে আস্তে উদ্ধার হচ্ছে বলে তিনি জানান। চুরি হওয়া রেলপাটি উদ্ধারের কথা স্বীকার করলেও এপর্যন্ত কয়টি উদ্ধার হয়েছে তা তিনি সঠিকভাবে না জানিয়ে কৌশলে দায়সারা ভাবে জানালেন।