আমাদেরবাংলাদেশ ডেস্ক।। আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই নির্বাচনে আমি কোনো ধরনের হস্তক্ষেপ, কোনো ধরনের বাড়াবাড়ি চাই না। কোনো এজেন্সি কোনো প্রকার হস্তক্ষেপ যেন না করে। সেই বিষয়ে ক্লিয়ার মেসেজ দিয়েছেন। তিনি বলেন, ‘এখানে সংশয়ের কোন কারণ নেই। শেখ হাসিনা বলেছেন, নির্বাচনে জনগণ যা চায় তাই হবে। এত কাজ করে জনগণ যদি ভোট না দেয় জবরদস্তি করে জনসমর্থন আদায় করে ক্ষমতায় থাকার কোনো ইচ্ছা আমার নেই।’
রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মোটরচালক লীগের সম্মেলনে তিনি এ সব কথা বলেন। বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘তারা বলছে, সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী করতে সরকারি সংস্থাকে বাধ্য করে ব্যবহার করা হচ্ছে। এ দল (বিএনপি) আন্দোলনেও ফেল, নির্বাচনেও ফেল। আন্দোলনে ফেল করলে নির্বাচনেও ফেল করে। বিএনপি ফেলের মধ্যেই আছে। তাদের ভাগ্যে বিজয় কবে আসবে জানি না।’
তিনি বলেন, ‘নেতিবাচক রাজনীতির কারণে মানুষ আর তাদের সঙ্গে নেই। শেখ হাসিনার উন্নয়ন, অর্জন বিএনপির নেতিবাচক রাজনীতির ওপর সংকটের যে কালো ছায় ফেলেছে, সে থেকে বিএনপির নিস্তারের কোনো উপায় নেই। নির্বাচন নিয়ে আপনাদের যত নালিশ যত অভিযোগ। নির্বাচন আর আন্দোলনে পারেন না, এখন শুধু নালিশ আর নালিশ। নির্বাচন কমিশনে আপনাদের একজন স্থায়ী প্রতিনিধি আছে, আপনাদের এই নালিশের কোনো বাস্তবতা নেই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এই সিটি নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বিদেশে যাওয়ার সময় সরকারের সকল সংস্থার প্রধানদের বলেছেন, এই নির্বাচনে আমি কোনো ধরনের হস্তক্ষেপ, কোনো ধরনের বাড়াবাড়ি চাই না। কোনো এজেন্সি কোনো প্রকার হস্তক্ষেপ যেন না করে। সেই বিষয়ে ক্লিয়ার মেসেজ দিয়েছেন।’
কাদের বলেন, ‘আমাদের পার্টিকেও একই মেসেজ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী আমাদের বলেছেন, ঘরে ঘরে যাও, জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে। কাজেই, আমরা সরকারে পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ করব না। এটা পরিষ্কার। আগেও বলেছি এখনো স্পষ্টভাবে বলছি। আসলে নির্বাচনে তাদের অবস্থা কী হবে সেটা তারা বুঝে গেছেন, তারা বুঝে গেছেন এই নির্বাচনের বিজয়ের বিষয়ে যথেষ্ট সন্দিহান। বিজয়ী হতে পারবে না বলেই তারা আজকে বিভিন্ন ধরনের নালিশ করার পথ বেছে নিয়েছে। তারা যতই অপপ্রচারই করুক দেশের মানুষ শেখ হাসিনাকেই চায়, আওয়ামী লীগকেই চায়।