আমাদেরবাংলাদেশ ডেস্ক।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তৃণমূলের জনগণের আর্থ সামাজিক উন্নয়ন ছাড়া কখনো একটি দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, একটা দেশের সার্বিক উন্নযন করতে হলে শুধু রাজধানী ভিত্তিক উন্নয়ন করলেই হবেনা, একেবারে গ্রামের মানুষ, তৃণমূলের মানুষদের উন্নতি করতে হবে।
রবিবার (২৬ জানুয়ারি) প্রধানমন্ত্রী তাঁর সরকারী বাসভন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন কালে প্রদত্ত ভাষণে একথা বলেন। শেখ হাসিনা উল্লেখ করেন, দরিদ্রদের সঞ্চয়কে সুরক্ষিত রাখার জন্যই তাঁর সরকার ‘পল্লী সঞ্চয় ব্যাংক’ চালু করেছে। তিনি প্রবাস গমনেচ্ছু এবং নবীন উদ্যোক্তাদের সুবিধার্থে তাঁর সরকারের প্রতিষ্ঠিত ‘কর্মসংস্থান’ বাংকের নানা দিক তুলে ধরেন।
তিনি বলেন, তাঁর সরকারের সময় মোবাইল ফোনকে বেসরকারী খাতে উন্মুক্ত করে দেয়ার ফলে সারাদেশের সকলের হাতে মোবাইল ফোন চলে এসেছে। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। তাঁর ২৪ বছরের সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের মহান বিজয়ের মধ্যদিয়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি। তিনি চেয়েছিলেন বাংলাদেশের প্রতিটি মানুষ অন্ন, বস্ত্র, শিক্ষা এবং চিকিৎসা পাবে। এসময় শেখ হাসিনা উল্লেখ করেন, স্বাধীনতার পর জাতির পিতা যে সংবিধান দিয়ে গেছেন তাতে সকলের এই মৌলিক সুবিধাগুলো নিশ্চিত করার কথা বলা হয়েছে।