আমাদেরবাংলাদেশ ডেস্ক।। আসন্ন মুজিববর্ষকে সামনে রেখে বড় লক্ষ্য সামনে রেখে অনেকগুলো কাজ হাতে নিয়েছে বাংলাদেশ সরকার। এই কর্মসূচির অংশ হিসেবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শতভাগ মানুষকে বিদ্যুৎসেবা দেবে বিদ্যুৎ বিভাগ। শুধু তাই নয়, মুজিববর্ষকে ‘সেবাবর্ষ’ হিসেবে ঘোষণা দিয়ে বিদ্যুৎ বিভাগ গুচ্ছ পরিকল্পনারও ঘোষণা দিয়েছে। এবার মুজিববর্ষ উপলক্ষে বিদ্যুৎ বিভাগ যে পরিকল্পনা হাতে নিয়েছে তা থেকে জানা যায়, ২০২১ সালের ১৭ মার্চের মধ্যে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করা হবে। এছাড়া, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সনীতির আওতায় গ্রাহক হয়রানিমুক্তির লক্ষ্যে নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করবে।
এ বিষয়ে পাওয়ার সেলের মহাপরিচালকে মোহম্মদ হোসেইন বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর বছরকে সেবাবর্ষ হিসেবে ঘোষণা দিয়েছি। এই উপলক্ষে প্রতিদিন আমরা একঘণ্টা বেশি দাফতরিক কাজ করবো। অন্যদিকে গ্রাহককে সেবা দিতে যা যা প্রয়োজন, সে লক্ষ্যে সব ধরনের উদ্যোগই নেওয়া হবে। গ্রাহক হয়রানি কমানো, সংযোগ পাওয়া সহজ করা, বিল সহজ করাসহ সব ধরনের কাজ করা হবে।’ তিনি বলেন, ‘শতভাগ বিদ্যুৎ দেওয়া আমাদের আরও একটি বড় উদ্যোগ। ডিসেম্বরের মধ্যেই আমরা দেশের শতভাগ মানুষকে বিদ্যুৎ দিতে চাই।