মইনুল হোসেন প্লাবন।। শেরপুরে প্রথম আলো ট্রাষ্টের উদ্যোগে দুস্থ শীতার্ত মানুষের মধ্যে ১০০ কম্বল ও মশারি বিতরণ করা হয়েছে। ৩১ জনুয়ারী শুক্রবার দুপুরে শেরপুর সদর উপজেলার মৃগি নদীসংলগ্ন পশ্চিমশেরী, পূর্বশেরী, শেরীরচর ও লছমনপুর গ্রামের ১০০ জনকে ওইসব কম্বল দেওয়া হয়। কম্বল বিতরণে সহযোগিতা করেন প্রথম আলো বন্ধুসভা, শেরপুর জেলা শাখার সদস্যরা।
জানা যায়, গত বছরের জুলাই মাসের ভয়াবহ বন্যাকবলিত পশ্চিমশেরী, পূর্বশেরী, শেরীরচর ও লছমনপুর গ্রামের দুস্থ ১০০ মানুষের হাতে কম্বল তুলে দেন নাগরিক সংগঠন জনউদ্যোগ, শেরপুর জেলা কমিটির সভাপতি মো. আবুল কালাম আজাদ, বিডি ক্লিন শেরপুরের সমন্বয়ক মো. আল আমিন, তিনআনী আদর্শ সরকারি কলেজের প্রভাষক মলয় চাকীসহ বন্ধুসভার সদস্যরা।
ওইসময় জনউদ্যোগ সভাপতি আবুল কালাম আজাদ বলেন, প্রথম আলো শুধুমাত্র একটি সংবাদপত্রই নয়-এটি একটি সামাজিক প্রতিষ্ঠানও বটে। প্রতিষ্ঠানটি তার সামাজিক দায়বদ্ধতা থেকে শীতবস্ত্র ও মশারি নিয়ে মৃগি নদীসংলগ্ন গ্রামের দুঃখী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এটি খুবই প্রশংসনীয়। ভবিষ্যতেও তাদের এ কাজ অব্যাহত থাকবে বলে জানান তিনি।
কম্বল পেয়ে পশ্চিমশেরী গ্রামের মৃত জমির উদ্দিনের বিধবা স্ত্রী রাশেদা বেগম (৫০) বলেন, ‘বন্যার সময় পানিতে ঘরবাড়ি ডুইবা গেছিল। তখন অনেক চেষ্টা কইরাও কোন সাহায্য পাই নাই। এরপর শীতে কষ্ট পাইলেও আমগরে কেউ কম্বল দেয় নাই। আপনারাই আমগরে প্রথম কম্বল দিলেন। আইজকা যেই শীত পড়ছে এই কম্বলে একটু হইলেও আমগরে কষ্ট কমবো।’
কম্বল বিতরণ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা আব্দুল আওয়াল, প্রথম আলোর শেরপুর জেলা প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, শেরপুর বন্ধুসভার উপদেষ্টা সাইফুল ইসলাম সাইফ, সভাপতি মাশুকুর রহমান মিশুক, সাধারণ সম্পাদক রবিন সাহাসহ বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন।
আ/রিফাত