মইনুল হোসেন প্লাবন।। ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার গৌরবের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত মেয়র গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ৮ নং ওয়ার্ড একাদশ। ১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে স্থানীয় শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ৮ নং ওয়ার্ড একাদশ ১-০ গোলে ৫ নং ওয়ার্ড একাদশকে পরাজিত করে শিরোপা ঘরে তুলে নেয়। খেলার ইনজুরি সময়ের এক মিনিটে ৮ নং ওয়র্ডের মাঝমাঠের খেলোয়াড় শাহজাহান ইসলাম লিমন দলের পক্ষে একমাত্র গোলটি করেন। ফাইনালের গোলদাতা শাহজাহান ইসলাম লিমন অনবদ্য নৈপূন্যের জন্য ম্যাচের সেরা খেলোয়াড় এবং ট‚র্ণামেন্টের ৩ খেলায় ২ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার ‘গোল্ডেন সু’ লাভ করেন।
বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণে ফাইনাল খেলাটি বেশ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। কিন্তু আক্রমণভাগে ব্যর্থতায় দুই দলের কেউই যখন গোল পাচ্ছিলেন না। খেলার অন্তিম মুহূর্তে ইনজুরি সময়ে বামপ্রান্ত থেকে প্রতিপক্ষের গোলমুখে সতীর্থ এক খেলোয়াড়ের বাড়ানো বলে গোলকিপারের সামনে থেকে শাহজাহান ইসলাম লিমন আলতো টোকায় বল জালে জড়ালে ৮ নং ওয়ার্ডের খেলোয়াড়-দর্শক-সমর্থকরা উল্লাসে মেতে ওঠেন। কিন্ত খেলা শেষ হওয়ার আধা মিনিট আগে প্রতিপক্ষের ডি-বক্সের মাথার ওপর একটি ফাউল পেলেও ৫ নং ওয়ার্ডের নাইজেরিয়ান খেলোয়াড় আব্বাছ বল বারের ওপর দিয়ে বাইরে মারলে হতাশা নিয়ে তাদের মাঠ ছাড়তে হয়।
খেলা শেষে পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে বিজয়ী ও বিজিতদের হাতে পুরস্কার তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম ও হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমি। ওইসময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, পৌরসভার প্যানেল মেয়র তৌহিদুর রহমান বিদ্যুৎ ও নাজমা বেগমসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এডভোকেট ফারহানা পারভীন মুন্নী, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা বিএমএ সভাপতি ডাঃ এমএ বারেক তোতা, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ছাদেক আলী মাস্টার, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, পৌর সচিব আবু লায়েস মোঃ বজলুল করিমসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারি, জেলা ক্রীড়া সংস্থা ও ডিএফএ’র কর্মকর্তারা, বিভিন্ন পর্যায়ের সুধীবৃন্দ ও বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন। পরে ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র তৌহিদুর রহমান বিদ্যুতের নেতৃত্বে এক আনন্দ মিছিল শহর প্রদক্ষিণ করে।