শেরপুর সংবাদদাতা।। “মুজিববর্ষে শপথ করি, স্বাক্ষরতা অর্জন করি” এ শ্লোগানকে ধারণ করে শেরপুরের শ্রীবরদী উপজেলা পরিষদের সোমেশ্বরি হল রুমে বাস্তবায়নাধীন মৌলিক স্বাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা)র শিক্ষক-শিক্ষিকা ও সুপারভাইজারদের নিয়ে ৫ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
৫ ফেব্রুয়ারী বুধবার ওই কর্মসূচির বাস্তবায়নকারী সংস্থা প্রমোশনাল রিসোর্স এডভোকেসী ট্রেনিং এ্যাকশন ইয়ার্ড (প্রত্যয়)’র উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুারোর আয়োজনে ওই কর্মশালার উদ্বোধন করেন শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার।
তিনি বলেন, পৃথক পৃথক ৩টি প্রশিক্ষণ সেন্টারে দীর্ঘ ৫ দিন তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে, এটা অত্যন্ত ভালো দিক। মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের এ কর্মসূচী বাস্তবায়ন হলে নিরক্ষর মুক্ত হবে শ্রীবরদী উপজেলা। কর্মশালাকে সফল করতে আমি সকলের সহযোগিতা কামনা করছি।
উপজেলা প্রোগ্রাম অফিসার নিজাম উদ্দিন খান’র সঞ্চালনায় অনুষ্ঠানে ওই কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন ‘প্রত্যয়’র নির্বাহী পরিচালক রোকেয়া জাহান। তিনি বলেন, উপজেলায় ৩শ ৮০টি কেন্দ্রের ৭শ ৬০ জন শিক্ষক ও ১৯ জন সুপারভাইজার পৃথক পৃথক ৩টি প্রশিক্ষণ সেন্টারে অংশ নিয়ে প্রশিক্ষণ গ্রহণ করছে। ওইসব প্রশিক্ষণার্থীরা পৌরসভা, তাতিহাটি এবং রানীশিমুল ইউনিয়নে কাজ করবে।
ওইসময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালার ট্রেইনার, সিনিয়র সাংবাদিক হাকিম বাবুল। তিনি বলেন, প্রশিক্ষণপ্রাপ্তরা এ প্রশিক্ষণের মাধ্যমে নিরক্ষর নারী-পুরুষদের পড়ানোর নানা কৌশল জানতে পারবে। শিক্ষকরা নিরক্ষর ১৫ থেকে ৪৫ বছর বয়সের নারী ও পুরুষ স্ব-স্ব কেন্দ্রে নিয়মিত ক্লাশের মাধ্যমে শিখাবে। এতে প্রশিক্ষণার্থীরা স্বাক্ষর করতে পারবে এবং বই, পত্রিকা পড়া এবং চিঠি লিখতে পারবে। যেহেতু গণিত বিষয়ে পড়ানো হবে, এজন্য অংকও করতে পারবে তারা।