শেরপুর সংবাদদাতা।। অবশেষে শেরপুরে নবনির্মিত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল ভবনের কার্যক্রম শুরু হয়েছে। ৮ ফেব্রুয়ারী শনিবার সকালে হাসপাতাল ভবনের কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ, বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।
ওইসময় তিনি বলেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রæতি অনুযায়ী ৩৮ কোটি টাকা ব্যয়ে শেরপুরে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ভবন নির্মাণ করা হয়েছে। আজ থেকে এর কার্যক্রম শুরু হলো। এখান থেকে রোগীরা উন্নত চিকিৎসা গ্রহণ করতে পারবেন।
সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা বিএমএ সভাপতি ডা. এম এ বারেক তোতা, সাধারণ সম্পাদক ডা. নাদিম হাসান, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদ’র সভাপতি এ টি এম মামুন, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পীযুষ চন্দ্র সূত্রধর প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা নবনির্মিত হাসপাতাল ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।