লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাটের বুড়িমারীতে এবার সিলোকোসিস রোগে আক্রান্ত হয়ে পাথর শ্রমিক সমিতির সভাপতি মোমিন মিয়ার মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মোমিন মিয়া পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউপির উফারমারা নাটারবাড়ি গ্রামের সহিদার রহমানের ছেলে। তিনি বুড়িমারী পাথর শ্রমিক সমিতির সভাপতি ছিলেন।
মৃত শ্রমিক নেতা মোমিন মিয়ার ভাই আসাদুল ইসলাম ডেইলি বাংলাদেশকে জানান, দীর্ঘদিন পাথর শ্রমিকের কাজ করতেন মোমিন। যখন তিনি জানতে পারেন পাথর শ্রমিকদের সিলোকোসিস রোগ হওয়ার সম্ভবনা রয়েছে। তখন মোমিন মিয়া শ্রমিকদের ক্ষতিপূরণ ও চিকিৎসা খরচসহ বিভিন্ন দাবিতে পাথর শ্রমিকদের নিয়ে সংগঠন গড়ে তোলেন। এ কারণেই দীর্ঘদিন পাথর শ্রমিক সমিতির সভাপতি ছিলেন মোমিন মিয়া।
তিনি আরো জানান, তার নেতৃত্বে বুড়িমারীর পাথর শ্রমিকরা বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) মাধ্যমে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেছেন। তবে এ রোগে আক্রান্ত কোনো রোগীই সুস্থ জীবনে ফিরে আসতে পারেননি। পেটের দায়ে পাথর ভাঙার কাজ করা মোমিন উদ্দিনও আক্রান্ত হন মরণব্যাধি সিলোকোসিস রোগে। ২০১২ সালে এ রোগ ধরা পড়লে বিয়ে করেননি মোমিন। এরপর প্রায় সময় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি।