আমাদেরবাংলাদেশ ডেস্ক।।বর্তমান সরকার সার্বিক উন্নয়নে বিশ্বাসী জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কে ভোট দিল কে দিল না তা বিবেচনা করে না আওয়ামী লীগ। দেশের উন্নয়ন মানুষের চোখে পড়ছে এটাই বড় কথা। প্রধানমন্ত্রীর সরকারি বাস ভবন গণভবনে শনিবার আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের যৌথসভা শেষে এ কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গণতান্ত্রিক এ দেশে সবার জন্য কাজ করছে সরকার। তিনি আরও বলেন, উন্নয়ন দৃশমান হচ্ছে, জনগণ উন্নয়নের সুফল ভোগ করছে। দীর্ঘ সময় ক্ষমতায় থেকে জনগণের আস্থা অর্জন করাটাও একটা বড় অর্জন।
উন্নয়নের গতি অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিতে হবে বলে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, একটা আদর্শ নিয়ে যখন রাজনৈতিক কর্মী এগিয়ে যায়, তখন কোনো বাধাই বাধা মনে হয় না।
আওয়ামী লীগ দলীয় প্রধান বলেন, জনগণের কাছে যাবেন গিয়ে ভোটের কথা বলবেন। যদি সরকারের উন্নয়নের কথা জনগণের কাছে বলতে পারেন, তারা অবশ্যই আওয়ামী লীগকে ভোট দেবে।