লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাট সরকারি শিশু পরিবারের ৮ম শ্রেণির ছাত্রী নুরী খাতুন হুইল পাউডার খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানা গেছে।
নূরী খাতুন নামের ওই স্কুল ছাত্রীকে সোমবার বিকেলে গুরুতর আহত অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতালে নেয়া হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসকরা সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আহত নূরী খাতুন রাজশাহী বেবী হোম থেকে প্রায় নয় বছর ধরে সমাজসেবা মন্ত্রণালয় পরিচালিত লালমনিরহাট সরকারি শিশু পরিবারে রয়েছে। তার রেজিস্ট্রেশন নম্বর ৩৩৫৩।
শিশু পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে এক বান্ধবীর বাড়িতে দুইদিন থাকার জন্য অনুমতি চায় নূরী আক্তার। পরে তাকে অনুমতি দেয়া না হলে হুইল পাউডারের গুঁড়া খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
খবর পেয়ে দায়িত্বরতরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় নূরীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
লালমনিরহাট সরকারি শিশু পরিবারের তত্ত্বাধায়ক জাহাঙ্গীর আলম বলেন, মেয়েটি মানসিক ভারসাম্যহীন। এর আগেও আরো একবার সে হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা করেছিল।
লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর বলেন, মেয়েটি সাবান গুঁড়া খেয়ে অসুস্থ হয়েছে বলে শুনেছি। তার চিকিৎসা চলছে। তদন্ত করে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।