ঝালকাঠি সংবাদদাতা।। ঝালকাঠির নলছিটিতে জুয়ার আসর থেকে ৪৭ পিস ইয়াবাসহ মগড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান যুবলীগ নেতা জসিম হাওলাদার ও যুবদল নেতা মিরাজ হাওলাদারসহ ৮ জনকে আটক করেছে র্যাব-৮।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার আমিরাবাদ এলাকার একটি নির্মানাধীন ভবন থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার সকালে তাদের নলছিটি থানায় সোপর্দ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে র্যাব-৮।
র্যাব ও স্থানীয়রা জানায়, আমিরাবাদ এলাকার রিপন মৃধার নামরে নির্মাণাধীন একটি ভবনের মধ্যে সোমবার রাতে বরিশাল র্যাব-৮ এর একটি দল অভিযান চালায়। র্যাব ওই ভবনের ভেতর থেকে মগড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জসিম হাওলাদার, ইউনিয়ন যুবদল সভাপতি মিরাজ হাওলাদার, সাবেক ইউপি সদস্য জামাল খান, কামরুল ইসলাম, আওলাদ হোসেন মৃধা, সেলিম হাওলাদার, মিজানুর রহমান ও জলিল তালুকদারকে আটক করা হয়। তাদের তল্লাশী চালিয়ে ৪৭পিস ইয়াবা উদ্ধার করে র্যাব।
এসময় র্যাব তাদের কাছ থেকে নগদ ৪৮ হাজার টাকা, ১২টি মোবাইলফোন ও ১৯টি সিমকার্ড উদ্ধার করে র্যাব। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় বরিশাল র্যাব-৮ এর উপসহকারী পরিচালক (ডিএডি) মো. আবদুল মোন্নাফ বাদী হয়ে ৮ জনের নামে একটি মামলা দায়ের করেন। আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।