শেখ শাহীন।। যশোরের কেশবপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের নিচে হাতুড়ী ও গামছা বাহিনীর দখলে থাকা একটি কক্ষ থেকে মঙ্গলবার থানা পুলিশ দেশীয় অস্ত্র ও ফেনসিডিলের বোতল উদ্ধার করেছে। এছাড়া তাদের দখলে থাকা বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ অফিস দখল মুক্ত করে গরুর দুধ দিয়ে ধুয়ে পরিচ্ছন্ন করা হচ্ছে।
উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের নিচে কৃষকলীগের অফিসটি ২০১৪ সাল থেকে হাতুড়ী ও গামছা বাহিনী দখলে নিয়ে মাছের ঘের দখল, মাদক ব্যবসা ও সেবন, চাঁদাবাজি কর্মকান্ড পরিচালনা করা হত। গত ১৫ ফেব্রয়ারি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী করায় ওই বাহিনীর সদস্যসহ তাদের গডফাদাররা গা ঢাকা দেয়। তাদের দখলে থাকা বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ অফিস দখলমুক্ত করে গরুর দুধ দিয়ে ধুয়ে তাদের অপকর্মের পাপমোচন করা হয় বলে জানান উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রাবেয়া ইকবাল।
মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় ধোয়ামোছার সময় থানা পুলিশের উপস্থিতিতে আজিজ বাহিনীর দখলে থাকা কক্ষটি খোলা হয়। এ সময় পুলিশ ওই কক্ষ থেকে ওই বাহিনীর ব্যবহৃত ২টি ধারালো বেকী, ৪টি তলোয়ার, ১টি কিরিচ ও ফেনসিডিলের ৭টি বোতল উদ্ধার করে। এরপর উপজেলা মহিলা আওয়ামীলীগের নেতা কর্মীরা গরুর দুধ দিয়ে কক্ষটি ধুয়েমুছে ফেলে।
এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমীন সাংবাদিকদের জানান, গত ৬ বছরে আওয়ামীলীগ অফিসে ঢুকতে পারেনি। আজ (মঙ্গলবার) সকালে অফিসে এসে দেখি থানা পুলিশ হাতুড়ি ও গামছা বাহিনীর দখলে থাকা কক্ষটির তালা খুলে বিভিন্ন দেশীয় অস্ত্রসহ ফেনসিডিলের বোতল উদ্ধার করে ।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু সাঈদ বলেন, দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় জিডি করা হয়েছে যার নং ৬৪৮। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।