নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর হাইকোর্ট থেকে ওয়াসার পনির ট্রাক থেকে চাঁদা আদায়ের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) দুই শিক্ষার্থীকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। পরে তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করে ট্রাকের সুপারভাইজার মো. সোহেল রানা। শনিবার ভোরে হাইকোর্ট এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত দুই শিক্ষার্থী হলেন- বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. আল আমিন ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একই বর্ষের জুবায়ের আহমেদ শান্ত। তারা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক ছাত্র।
ট্রাকের চালক জানান, ওয়াসার কাজ শেষে হাইকোর্টে সামনে দিয়ে যাওয়ার সময় ট্রাকের চাকা নস্ট হয়ে গেলে এক পাশে পাকিং করে রাখেন তিনি। এক পর্যায়ে দুজন লোক এসে তার কাছে গাড়ির কাগজপত্র দেখতে চান এবং দশ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করে এবং গাড়ির সুপারভাইজারকে ডেকে আনতে বলেন।
গাড়ির সুপারভাইজার জানান, গাড়ি আটকে রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে আমি হাইকোর্টের সামনে যাই। যাওয়ার সাথে সাথে তারা আমাকে মারধর করে এবং আমার মোবাইলের রকেট অ্যাকাউন্ট থেকে ১৯৫০ টাকা নিয়ে যায় এবং সঙ্গে সঙ্গে মেসেজ ডিলেট করে দেয়। পরে টহলরত পুলিশ এসে আমাদের উদ্ধার করে।
শাহবাগ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, বিষয়টি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।