খুলনা সংবাদদাতা।। দৌড়ে চলন্ত ট্রেনে উঠতে যেয়ে প্রাণ হারালেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাবেক অধ্যাপক মিজানুর রহমান (৬৫)।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে খুলনা ট্রেন স্টেশনে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সকাল সোয়া ৭টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রেলওয়ের নিরাপত্তা বাহিনীর হাবিলদার ওহিদ খান বলেন, অধ্যাপক মিজানুর রহমান ভোরে খুলনা স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেনাপোলগামী সদ্য ছেড়ে দেওয়া একটি ট্রেনে দৌড়ে উঠতে যান।
তিনি ট্রেনের দরজার হ্যান্ডেল ধরে রাখতে চেষ্টা করেন। কিন্তু দৌড়ে ওঠার কারণে হাঁপিয়ে গিয়েছিলেন এবং হ্যান্ডেল ধরে রাখতে পারেননি। ট্রেন আর প্ল্যাটফর্মের মাঝখানে পড়ে যান মুহূর্তেই। ট্রেনে তার ডান হাত-পা কাঁটা পড়ে। একইসঙ্গে মারাত্মক আঘাত হন। আমি প্রথমে শুনে এগিয়ে যাই। একজন পুলিশ ও সাধারণ লোকের সহযোগিতায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাই।
খুবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এসএম আতিয়ার রহমান বলেন, খুলনা বিশ্ববিদ্যালেয়ের সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন থেকে সম্প্রতি অবসর গ্রহণ করেছেন মিজানুর রহমান। তিনি এ বিভাগের প্রধানও ছিলেন। সকালে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে যান তিনি। পরে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।