বশেফমুবিপ্রবি সংবাদদাতা।। জামালপুরে অবস্থিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় “কম্পিউটার ক্লাব” এবং “রোবটিক্স ক্লাব” এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। শনিবার ( ২২ ফেব্রুয়ারি, ২০২০) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের হল রুমে উক্ত ক্লাব দুটির শুভ উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মহোদয় অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ বলেন -” আইসিটি সেক্টরের মহানায়ক মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে এবং সেক্টরটি হয়ে উঠেছে উন্নয়নের রোল মডেল। তিনি আরো বলেন -‘বশেফমুবিপ্রবি শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্বসম্পন্ন দক্ষ গ্র্যাজুয়েট গড়ে তোলার জন্য যা যা দরকার, তাই করা হবে।’
রোবটিক্স ক্লাবের সভাপতি, সিএসই বিভাগের প্রভাষক মোঃ হুমায়ন কবির বলেন, কম্পিউটার ক্লাব ও রোবটিক্স ক্লাবের মাধ্যমে আমরা একটি প্লাটফর্ম তৈরি করে দিবো যেখানে শিক্ষার্থীরা সর্বাধুনিক প্রযুক্তির সাথে পরিচিত হবে এবং সেই বিষয়ে তাদেরকে দক্ষ করে গড়ে তোলা হবে। প্রযুক্তির সাথে সম্পর্কিত সভা, সেমিনার ও ওয়ার্কশপের আয়োজন করা হবে। দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণকে আমরা আমন্ত্রণ জানাবো। আমাদের শিক্ষার্থীদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, আইওটি ইত্যাদি নতুন নতুন প্রযুক্তির সাথে পরিচিয় করিয়ে দেয়া ক্লাবের দায়িত্ব। তাদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রোগ্রামিং কনটেস্ট এবং রোবোটিক্স কনটেস্টে প্রতিযোগিতা করার মতো সক্ষম করে গড়ে তোলায় ক্লাবের মূল লক্ষ্য।
এসময় উপস্থিত ছিলেন সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মাহমুদুল আলম, গণিত বিভাগের চেয়ারম্যান ড.মোঃ শাহজালাল, কম্পিউটার ক্লাবের সভাপতি সুজিত রায়, পদার্থবিজ্ঞানের প্রভাষক সুজন কুমার মিত্র, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক নাজমুল হুদা প্রমুখ।
এরপর উপাচার্য উভয়ের ক্লাবের কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। উভয় ক্লাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদকে প্রধান পৃষ্ঠপোষক ও সিএসই বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. মাহমুদুল আলমকে উপদেষ্ঠা করে কমিটি গঠন করা হয়৷
কম্পিউটার ক্লাবের কমিটিতে সিএসই বিভাগের প্রভাষক সুজিত রায়কে সভাপতি ও সিএসই বিভাগের শিক্ষার্থী শাকিল হাসানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। কমিটিতে আরো রয়েছেন অর্থ সম্পাদক হুমায়ন কবির (প্রভাষক, সিএসই), যুগ্ন সম্পাদক মোহাম্মদ আলী, সামিয়া নাসির নিরা, সাংগঠনিক সম্পাদক নিয়ামত উল্লাহ নাঈম, মাহফুজুর রহমান, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
অপরদিকে রোবটিক্স ক্লাবের কমিটিতে সিএসই বিভাগের প্রভাষক হুমায়ন কবিরকে সভাপতি ও শিক্ষার্থী ওয়াকিল আহমেদকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আরো রয়েছেন অর্থ সম্পাদক সুজিত রায় (প্রভাষক, সিএসই) , যুগ্ম সম্পাদক মোঃ ফারুক মিয়া, মাগরেব আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক,সাইফুল ইসলাম, একেএম আবদুল্লাহ আল মাসুদ, দপ্তর সম্পাদক সুষ্মিতা প্রমুখ।