ইবি সংবাদদাতা।। ভারতের দিল্লীতে মুসলমানদের উপর হামলার প্রতিবাদে ও মুজিববর্ষে মোদিকে না আনার দাবিতে পৃথকভাবে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রমৈত্রী ও ছাত্র ইউনিয়ন সংসদ। রবিবার (১ মার্চ) দুপুর পৌনে ১২ টার দিকে দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র ইউনিয়ন ইবি সংসদ। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় টেন্টের সামনে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এর আগে বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ‘মৃতুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে মানববন্ধন করে বিশ^বিদ্যালয় শাখা ছাত্র মৈত্রী। এসময় সাধারণ শিক্ষার্থীরাও তাদের সাথে একমত পোষণ করে মানববন্ধনে অংশ নেয়।
এসময় তারা বলেন, ‘আমরা ভারতে মুসলিমদের সংখ্যালঘু বলে জানি। ভারতে সংখ্যালঘুদের উপর বর্বচিত হামলা চালাচ্ছে উগ্রবাদী হিন্দুরা। এ মানববনন্ধন থেকে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে আমরা এর কৃতজ্ঞতা স্বীকার করি। কিন্তু অসাম্প্রদায়িক বাংলাদেশে মুজিবর্ষের জাতীয় প্রোগ্রামে আমরা ভারতের প্রধানমন্ত্রী সাম্প্রদায়িক নরেন্দ্র মোদিকে আমরা চাইনা।’
সমাবেশে ছাত্র ইউনিয়নের বক্তারা বলেন, ‘দিল্লী যখন অর্থনৈতিক সংকটে পড়েছে। এসব বিষয় আড়াল করার জন্য ভারতের বর্তমান শাসকগোষ্ঠী উদ্দেশ্যপ্রণেদিত ভাবে সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি করেছে। ভারতের সাম্প্রদায়িক সন্ত্রাসীরা মুসলিমদের উপর হামলা করছে। মসজিদ ভাংছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।’